২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ৩ কলেজে ভর্তি এসএসসির ফলে আপাতত নয়: হাই কোর্ট

ফলাফলের ভিত্তিতে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকে ভর্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা সার্কুলার রাজধানীর তিন কলেজের ক্ষেত্রে ছয় মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2017, 08:32 PM

Updated : 19 Aug 2022, 04:37 PM

ফলে মেধাতালিকার ভিত্তিতে নয়, ভর্তি পরীক্ষা দিয়েই শিক্ষার্থীদের রাজধানীর হলিক্রস, নটরডেম ও সেন্ট জোসেফ কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে হবে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চ সোমবার ওই সার্কুলার তিন কলেজের ক্ষেত্রে স্থগিত করে আদেশ দেয়।

পাশাপাশি এ তিন কলেজের ক্ষেত্রে মেধা তালিকায় ভর্তির নীতিমালার ধারা কেন আইনগত কর্তৃত্ব বর্হিভূত ঘোষণা করা হবে না তা এক রুল দিয়ে জানতে চেয়েছে উচ্চ আদালত।

চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার চেয়ারম্যান ও কলেজ পরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রমজান আলী সিকদার ও তানিম হোসেন শাওন।

সারা দেশে উচ্চ মাধ্যমিক ভর্তির ক্ষেত্রে গত ৭ মে মেধা তালিকা অনুসারে ভর্তির জন্য একটি নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এ নীতিমালার কয়েকটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেন এ তিন কলেজের অধ্যক্ষ।

তারা হলেন, হলিক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা এল গোমেজ, নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিয়াস রোজারিও এবং সেন্ট জোসেফ কলেজের অধ্যক্ষ ব্রাদার রবি ফিউরিফিকেশন।

আদেশের পর রিটকারীদের আইনজীবী তানিম হোসেন শাওন বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের এ আদেশের ফলে এই তিন কলেজ তাদের নিজস্ব নিয়মে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।”

এ তিনটি কলেজের ক্ষেত্রে ভর্তি নীতিমালা কেন স্বতন্ত্র হবে জানতে চাইলে তানিম বলেন, “প্রথমত এই তিনটি কলেজই সরকারি অনুদান ছাড়াই পরিচালিত হয়। তাছাড়া সার্কুলারটির বেশ কয়েকটি ধারা অস্বচ্ছ এবং স্বেচ্ছাচারী।

“ফলে মন্ত্রণালয়ের জারি করা নীতিমালা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করানো হলে শিক্ষার গুণগত মান রক্ষা করা সম্ভব হবে না। এসব কারণ উল্লেখ করেই রিটটি করা হয়েছে।”