ট্রাইব্যুনালের কিছু প্রসিকিউটর ‘মিসকন্ডাক্ট’ করছে: আপিল বিভাগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের দক্ষতা ও আচরণ নিয়ে আবারও উষ্মা প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সর্বোচ্চ আদালত বলেছে, ট্রাইব্যুনালের কিছু প্রসিকিউটর ‘পাবলিক সার্ভিসের পজিশন’ না বুঝে ‘মিসকন্ডাক্ট’ করছেন।
আপিল বিভাগের এই পর্যবেক্ষণের সঙ্গে সহমত প্রকাশ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।
যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনার জন্য আসামি ও রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানিতে আপিল বিভাগের এই পর্যবেক্ষণ আসে।
প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চ সোমবার দুটি রিভিউ আবেদনই খারিজ করে দেওয়ায় সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়ই বহাল থাকে।
এ মামলায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটরদের গাফিলতির চিত্র তুলে ধরে বলা হয়, “প্রসিকিউশন দল শহীদের রক্ত নিয়ে জুয়া খেলতে পারে না।”
ওই রায়ে বলা হয়, সরকার জনমতের দিকে তাকিয়ে এই বিচারের ঝুঁকি নিয়েছে। কর্মকর্তসহ এই প্রক্রিয়ার সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের ঝুঁকির জন্য সুযোগ-সুবিধা দিয়েছে। প্রসিকিউটরদের দায়িত্ব ছিল যথাযথ আইনি সাক্ষ্য সংগ্রহ করা, এতে তারা ব্যর্থ হয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
সাঈদীর মামলার রিভিউ শুনানির দ্বিতীয় দিন সোমবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বক্তব্য উপস্থাপন শেষে প্রসিকিউটর হায়দার আলীর পক্ষে আইনজীবী এ এম আমিন উদ্দিন পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণ থেকে প্রসিকিউটরদের অযোগ্যতার বিষয়টি বাদ দেওয়ার আবেদন করেন।
প্রধান বিচারপতি এস কে সিনহা এ সময় বলেন, “এটা নিয়ে অনেক দূর জল গড়িয়েছে। কিছু প্রসিকিউটর নন প্র্যাকটিসিং লইয়ার (মামলা পরিচালনায় অনিয়মিত আইনজীবী)। কিছু ঘাতক দালাল নির্মূল কমিটির মিটিংয়ে যান। এটা মিসকন্ডাক্ট।”
এ সময় অ্যাটর্নি জেনারেল দাঁড়িয়ে বলেন, “হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট।”
প্রধান বিচারপতি বলেন, “তারাতো পাবলিক সার্ভেন্ট। পাবলিক সার্ভিসের পজিশন বোঝেন না। যাদের পলিটিক্যাল এজেন্ডা আছে কিছু প্রসিকিউটর তাদের কাছে যায়।”
এরপর সাঈদীর রায় থেকে প্রসিকিউটরদের নিয়ে পর্যবেক্ষণের কিছু অংশ বাদ দেওয়ার আদেশ দেন প্রধান বিচারপতি।
রিভিউ রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার কার্যালয়ে এক ব্রিফিংয়ে বলেন, “সাঈদীর রায়ের একটি অংশ বাদ দিতে প্রসিকিউটর হায়দার আলী আবেদন করেছিলেন। রায়ের যে অংশে বলা হয়েছে- তিনি (সংশ্লিষ্ট প্রসিকিউটর) অকর্মন্য, অপদার্থ। এ সমস্ত মন্তব্য যাতে বাদ দেওয়া হয়।”
তবে সাঈদীর মামলায় তদন্ত ও তথ্য উপস্থাপন যে ঠিকমত হয়নি, সে বিষয়ে একমত বলে জানান অ্যাটর্নি জেনারেল।
“আদালতে সাঈদীর দাখিল করা এফআইআরের বিষয়ে খবর নিতে আমি দুইবার গিয়েছিলাম পিরোজপুরে ও বরিশালে। কিন্তু সে কাগজপত্র আর পাইনি। আমার বিশ্বাস সাঈদীর পক্ষের লোকেরা আগের থেকে সরিয়ে রেখেছে। আমার মোবাইলে এসএমএস করা হয়েছিল। আমার গতিবিধি সাঈদীর লোকেরা ফলো করত। আমি এ ব্যাপারে জিডিও করেছি।
“কাজেই দেলাওয়ার হোসাইন সাঈদী অন্য যুদ্ধাপরাধীদের চেয়ে আমার বিবেচনায় ধুরন্ধর। সে অত্যন্ত ধুরন্ধর। সাঈদীর মতো একটা লোক, তার যে দণ্ড পাওয়া উচিত ছিল, সেই দণ্ডটা সে পেল না।”
অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম (ফাইল ছবি)
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সর্বোচ্চ আদালতের প্রতি সস্মান রেখেই বলতে চাই, যুদ্ধাপরাধের বিচার চলাকালে ঘাতক দালাল নির্মূল কমিটির বিভিন্ন অনুষ্ঠানে মাননীয় রাষ্ট্রপতি, বর্তমান ও সাবেক আইনমন্ত্রী গেছেন। এমনকি মাননীয় অ্যাটর্নি জেনারেলও ঘাতক দালাল নির্মূল কমিটির মঞ্চে ওঠে বক্তব্য দিয়েছেন। সেখানে হঠাৎ প্রসিকিউটরদের নিয়ে কেন বলা হল তা আমার বোধগম্য নয়। তবে পূর্ণাঙ্গ রায় পেলে এ ব্যপারে যে ডিরেকশন থাকবে সেটা দেখে জানতে এবং জানাতে পারব।”
ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য জেয়াদ আল মালুম প্রসিকিউটরদের ‘পাবলিক সার্ভেন্ট’ বলে মানতে রাজি নন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রসিকিউটররা শুধুমাত্র সম্মানি ভাতার ভিত্তিতে সরকার কর্তৃক নিয়েজিত এবং প্রসিকিউশনে দায়িত্ব পালন করে থাকেন। তাদের কোনো পেনশন নেই, গ্র্যাচুয়িটি নেই। তারা পাবলিক সার্ভেন্টদের মত কোনো ধরনের উৎসব ভাতাও পান না। এমনকি ইনক্রিমেন্টও নেই।”
তার ভাষায়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার সংজ্ঞা অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা পাবলিক সার্ভেন্ট না।
জেয়াদ আল মালুম বলেন, “একাত্তরে মুক্তিযুদ্ধে যে যুদ্ধাপরাধ হয়েছে, তার বিচারের দাবিতে ঘাতক দালাল নির্মূল কমিটি জনমত গঠনে কাজ করেছে, করে যাচ্ছে। শুধু তাই নয়, যুদ্ধাপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনাল গঠনের বিষয়েও এ সংগঠনের ভূমিকা রয়েছে। বিচার প্রক্রিয়ায় নানা দিক থেকে নির্মূল কমিটির সহযোগিতা রয়েছে।”
রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিছু দিন আগে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মেলন উদ্বোধন করেছেন এবং এ সংগঠনের নেতাদের বঙ্গভবনে ডেকে নিয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন জানিয়ে জেয়াদ আল মালুম বলেন, “সরকারের অর্থমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় ঘাতক দালাল নির্মূল কমিটির অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং বক্তব্য দিয়েছেন। এমনকি অ্যাটর্নি জেনারেলও বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন, অংশ নিয়েছেন। আপিল বিভাগ এবং হাই কোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিদের অনেকেই এ সংগঠনটির সঙ্গে যুক্ত। তাই নির্মূল কমিটির কর্মকাণ্ডে অংশ নেওয়ার উদ্দেশ্য কোনো অ্যাজেন্ডা বাস্তবায়ন নয়।”
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “না না, আদালত ওটাকে মিসকন্ডাক্ট বলেনি। আদালত বোঝাতে চেয়েছে যে, তারা (প্রসিকিউটরদের কেউ কেউ) এত উৎসাহী যে, নানারকম মিটিংয়ে যান। কিন্তু নিজের আসল দায়িত্বটা ঠিকমত পালন করেন না। ঘাতক দালাল নির্মূল কমিটি তো যুদ্ধাপরাধীদের বিচারের প্রাণকেন্দ্র। উভয়ের উদ্দেশ্যই তো এক।
“কথা হল, নির্মূল কমিটি এ দাবিটিকে গণদাবিতে পরিণত করেছে। আর প্রসিকিউটরদের কাজ হল এসব মামলা সঠিকভাবে পরিচালনা করা। আদালত বলতে চেয়েছে, আমি সেখানে গেলাম, লোকজন দেখল- এটা আমার মূল কাজ না। মূল কাজ হল প্রসিকিউটর হিসেবে আমার মামলাটিতে কত ‘বেটার ম্যাটেরিয়ালস’ জোগাড় করতে পেরেছি সেটা। ঠিক মত প্রসিকিউট করা। আদালত ঘাতক দালাল নির্মূল কমিটির বিরুদ্ধে কিছু বলেনি।”
২০১৩ সালে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় স্মরণ করা হয় শহীদ জননী জাহানারা ইমামকে
এরপর ১৯৯১ সালের ২৯ ডিসেম্বর গোলাম আযমকে জামায়াতে ইসলামী তাদের দলের আমির ঘোষণা করলে দেশে বিক্ষোভের সূত্রপাত হয়, যা পরে রাজাকার যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনে পরিণত হয়।
আন্দোলনের এক পর্যায়ে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ১৯৯২ সালের ১৯ জানুয়ারি ১০১ সদস্যের একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয়। তিনি ছিলেন এর আহ্বায়ক।
এই কমিটি ১৯৯২ সালে ২৬ মার্চ ‘গণআদালত’ এর মাধ্যমে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একাত্তরের নরঘাতক গোলাম আযমের প্রতীকী বিচার শুরু করে। এই গোলাম আযমই যুদ্ধাপরাধের দায়ে ৯০ বছরের দণ্ড হওয়ার পর কারাবন্দি অবস্থায় ২০১৪ সালের অক্টোবরে হাসপাতালে মারা যান।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘বাংলাদেশে যুদ্ধাপরাধী নেই’ মন্তব্য করে জামায়াত সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ সমালোচনার ঝড় তোলেন। এরপর স্বাধীনতা যুদ্ধে সেক্টর কমান্ডারদের উদ্যোগে গঠিত হয় সেক্টর কমান্ডার্স ফোরাম।
যুদ্ধাপরাধের বিচারের দাবিতে তাদের আন্দোলনে শরিক হয় ঘাতক দালাল নির্মূল কমিটি। ২০০৮ সালের নির্বাচনের আগে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি আওয়ামী লীগের ইশতেহারে স্থান পায়।
যুদ্ধাপরাধের বিচারে আওয়ামী লীগের এই অঙ্গীকারে তরুণ প্রজন্ম ব্যাপক সাড়া দেয়। বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।
সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সালের ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের বহুল প্রতীক্ষিত বিচার শুরু হয়।
