২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির রূপকল্পে ‘মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের ঘোষণার’ প্রতিবাদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘রূপকল্প ২০৩০’ ঘোষণায় ‘মুক্তিযোদ্ধাদের পুনরায় যাচাই-বাছাই’ করার বিষয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2017, 07:27 PM

Updated : 19 Aug 2022, 04:37 PM

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে কমান্ডের আহ্বায়ক শেখ আতিকুর বাবু এ প্রতিবাদ জানিয়ে বক্তব্যের জন্য বিএনপি চেয়ারপারসনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

আগামীতে ক্ষমতায় যেতে পারলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান, ‘ভিশন ২০৩০’ শিরোনামে তার একটি রূপরেখা গত ১০ মে তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

লিখিত বক্তব্যে আতিকুর বাবু বলেন, “সম্প্রতি মুক্তিযুদ্ধবিরোধী শক্তির মদদ দাতা বিএনপির নেত্রী খালেদা জিয়া সংবাদ সম্মেলনে ভিশন-২০৩০ প্রকাশ করেছেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড তার বক্তব্যের একটি অংশ মুক্তিযোদ্ধাদের পুনরায় যাচাই-বাছাই করার অবিশ্বাস্য ও হাস্যকর সিদ্ধান্তকে ঘৃণাভরে প্রত্যাখান করছে।”

Image
গত ১০ মে দেশ পরিচালনায় বিএনপির রূপকল্প ‘ভিশন ২০৩০’ সাংবাদিকদের সামনে তুলে ধরেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

গত ১০ মে দেশ পরিচালনায় বিএনপির রূপকল্প ‘ভিশন ২০৩০’ সাংবাদিকদের সামনে তুলে ধরেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপি-জামায়াতের শাসনামলের মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ‘দুর্নীতিবাজ’ আখ্যায়িত করে তাদের দ্বারা বিএনপি নেত্রী খালেদা জিয়া সারা দেশে প্রায় ৬৫ হাজার ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ তৈরি করেছিলেন বলে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের এ আহ্বায়ক।

তিনি বলেন, “বিএনপি-জামায়াতের দলীয় লোকদের মুক্তিযোদ্ধা বানিয়ে কোটা সুবিধাসহ সরকারি সকল সুবিধা নেওয়ার অবৈধ পথ প্রশস্ত করেছিলেন। তাই খালেদার মুখে মুক্তিযোদ্ধাদের পুনরায় যাচাই-বাছাই করার কথা মানায় না।”

বিএনপি নেত্রীকে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের ওই বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমতা চাওয়ার আহ্বান জানান শেখ আতিকুর বাবু।

“উদ্দেশ্যে প্রণোদিত বক্তব্যর কারণে তিনি ক্ষমা না চাইলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড দেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।”

সংবাদ সম্মেলনে সংসদের সদস্য মিজানুর রহমান, ফারহানা আক্তার, এরশাদ হোসেন, সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল মামুন উপস্থিত ছিলেন।