বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাব্যয় ‘সীমিত’ চান মন্ত্রী
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও টিউশন ফিসহ অন্যান্য খাতে শিক্ষার্থীদের ফি সীমিত রাখার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সোমবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে এ অনুরোধ জানান তিনি।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাব্যয় প্রসঙ্গে নাহিদ বলেন, “সেটা যেন দেশের বাস্তবতা ও জনগণের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে নির্ধারিত হয়।”
কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও তাদের ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি জানিয়ে ‘এভাবে তারা বেশিদিন চলতে পারবে না’ বলে হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী।
“যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় সফল হতে পারেনি, বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চান, যারা নিজস্ব ক্যাম্পাসে এখনো যাননি, যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছেন তারা আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধসহ তাদের বিরুদ্ধে অন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ‘ব্যর্থ হতে দিতে চাই না’ মন্তব্য করে মন্ত্রী নাহিদ বলেন, “যারা অসৎ উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় চালাতে চান, আইন বিধিবিধান মানতে চান না, তাদের সাহায্য সহযোগিতা দিয়েও টিকিয়ে রাখতে পারব না, তাদের আইনি পথে বাতিল করতে বাধ্য হব। এ রকম কিছু বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে।”
সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য করেন না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “তারা সকলেই আমাদের সন্তান এবং জাতির ভবিষ্যৎ। তাদের সকলের জন্যই আমরা মানসম্মত শিক্ষা এবং সকল সুযোগ নিশ্চিত করতে চাই।”
তরুণ মেধাবী শিক্ষার্থীরা যেন জঙ্গিবাদের পথে না যায় সেজন্য বাবা-মা, অভিভাবক ও শিক্ষকদের সজাগ থাকার পরামর্শ দেন মন্ত্রী।
তিনি বলেন, “একদল স্বাধীনতাবিরোধী উন্নয়ন ও অগ্রগতিকে ব্যাহত করার জন্য ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে এদেশের মেধাবী শিক্ষার্থীদের সন্ত্রাস ও জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িয়ে তাদের ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের কুমন্ত্রণায় প্ররোচিত হয়ে বেশকিছু তরুণ মেধাবী শিক্ষার্থী ইতোমধ্যে বিপথগামী হয়েছে।”
শিক্ষার্থীদের অনুপ্রেরণা, স্নেহ-মায়া-মমতা ও উপদেশ দিয়ে সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রেখে সুপথে পরিচালিত করার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে প্রস্তুত করার লক্ষ্য নিয়ে কাজ সরকার কাজ করছে জানিয়ে নাহিদ বলেন, “প্রচলিত গতানুগতিক শিক্ষায় তা সম্ভব নয়। বর্তমান যুগের সাথে সঙ্গতিপূর্ণ আধুনিক বিশ্বমানের শিক্ষা ও জ্ঞান প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ এক পরিপূর্ণ মানুষ তৈরি করা আমাদের প্রধান লক্ষ্য।”
বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আরও শক্তিশালী ও কার্যপোযোগী করার লক্ষ্যে উচ্চশিক্ষা কমিশন আইন তৈরি ‘চূড়ান্ত পর্যায়ে রয়েছে’ বলে জানান শিক্ষামন্ত্রী।
“উচ্চশিক্ষার মান আরো বৃদ্ধির লক্ষ্যে অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন মহান জাতীয় সংসদে ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। শিগগিরই আইনটি কার্যকর করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়সমূহের মান উন্নয়নে কার্যক্রম গ্রহণ করা হবে।”
গ্র্যাজুয়েটদের উদ্দেশে তিনি বলেন, “আনুষ্ঠানিকভাবে শিক্ষা জীবন এখানে শেষ হওয়ায় আপনাদের কর্মজীবন এখান থেকেই শুরু হল। আপনাদের অর্জিত শিক্ষা ও জ্ঞান এখন বাস্তব কর্মজীবনে প্রয়োগ করতে হবে। জ্ঞান ও মেধার প্রয়োগে সৃজনশীলতা ও উদ্যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ।”
দেশ-দশের পাশাপাশি নিজেদের জন্য প্রস্তুত হওয়া এবং ভালো মানুষ হয়ে এ ‘বিশ্বসভায় দেশের মুখ উজ্জ্বল করতে’ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
সমাবর্তনে আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসাবে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার ৭৬৫ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর সনদ দেন শিক্ষামন্ত্রী নাহিদ।
লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মাদ মোজাম্মিল অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন।
সমাবর্তনে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, আয়োজক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারা বেগম, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম খান বক্তব্য দেন।
