মানবাধিকার কমিশনের কাজ তৃণমূলে নিতে আহ্বান রাষ্ট্রপতির
জাতীয় মানবাধিকার কমিশনের কাজ তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতি কমিশন কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন। কমিশনকে জনগণের আস্থা অর্জনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের পরামর্শও দেন তিনি।”
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
চেয়ারম্যান জানান, কমিশন সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এতে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে।
তিনি আরও জানান, কমিশন বিভাগীয় পর্যায়ে কার্যালয় খোলার উদ্যোগ নিয়েছে। যার অংশ হিসেবে রাঙামাটি ও খুলনায় কমিশনের অফিস চালু করা হয়েছে।
কমিশন বিভিন্ন বিষয়ভিত্তিক ১০টি ‘থিমেটিক কমিটি’ গঠন করেছে বলেও রাষ্ট্রপতিকে জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
রিয়াজুল হক কমিশনের কার্যক্রম পরিচালনায় রাষ্ট্রপতির পরামর্শ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
