খিলগাঁওয়ে পরিবহন ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিল গ্যারেজকর্মীরা
রাজধানীর খিলগাঁওয়ে এক পরিবহন ব্যবসায়ীকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে একটি গ্যারেজের কর্মীরা।
রোববার রাতে এই মারধরের ঘটনার পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেন।
টেম্পু ব্যবসায়ী মেহেদী হাসানকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইউসুফ (৩৫) ও আলাউদ্দিন (৪০)।
মেহেদীর ভাই রিপন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ভাই দীর্ঘদিন সৌদি আরব থাকার পর দেশে ফিরে খিলগাঁওয়ে দুটো লেগুনা কিনে তা ভাড়ায় চালাতেন।
“আজ তিলপাপাড়ার ১৯ নম্বর রোডে একটি গ্যারেজে লেগুনা সারাতে গেলে গ্যারেজের কর্মচারীদের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে তাকে প্রচণ্ড মারধর করা হয়।”
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেহেদীর দুই পা ও হাত ভেঙে গেছে।
এসআই ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভিকটিমের পরিবারের সদস্যরা খবর দিলে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।”
রিপন অভিযোগ করেছেন, পুলিশ প্রথমে তিনজনকে আটক করলেও একজনকে ছেড়ে দিয়েছে।
