২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫তম বিসিএস: আরও ১৬০ জনকে নন-ক্যাডারে নিয়োগ

পঁয়ত্রিশতম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তাদের মধ্য থেকে আরও ১৬০ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2017, 07:25 PM

Updated : 19 Aug 2022, 04:36 PM

রোববার এদের নিয়োগের সুপারিশ করে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন।

এর আগে গত ১৭ এপ্রিল প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে ৩৯৫ জন নিয়োগের সুপারিশ করা হয়। এনিয়ে ৩৫তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে দুই দফায় ৫৫৫ জনকে কমিশন নিয়োগের সুপারিশ করল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা অনুযায়ী ৩৫তম বিসিএসে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পদে সুপারিশ পায়নি তাদের মধ্য থেকে মেধাক্রম ও বিদ্যমান কোটা পদ্ধতির ভিত্তিতে ১৬০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে, তথ্য বিভ্রাটের জন্য ১১ জনের ফল স্থগিত রয়েছে।

৩৫তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে সুপারিশ দেওয়া শেষ হলে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করবে কমিশন।

৩৫তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৫ হাজার ৫১৭ জন পাস করলেও এদের মধ্য থেকে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৫৮ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি।

লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও যারা ক্যাডার পাননি তাদের মধ্যে যারা প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ পেতে ইচ্ছুক তাদের কাছে আবেদন চায় কমিশন। দুই হাজার ৬০০ জন আবেদন জমা দেন।

গত ২৮তম বিসিএস থেকে বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা কোনো ক্যাডার পাননি তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হচ্ছিল।

এক বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর আরেকটি বিসিএসে উত্তীর্ণদের নিয়োগের আগ পর্যন্ত আগের বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়।

২০১৪ সালের ১৭ জুন নন-ক্যাডার নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০ সংশোধন করে বিসিএস উত্তীর্ণদের মধ্য থেকে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগের সুযোগ করে দেয় সরকার।

 

পুরনো খবর:

৩৫তম বিসিএস: ৩৯৫ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডারে নিয়োগ
দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাও হবেন বিসিএস উত্তীর্ণরা