৩৫তম বিসিএস: ৩৯৫ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডারে নিয়োগ
পঁয়ত্রিশতম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পায়নি তাদের মধ্য থেকে ৩৯৫ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান টুটুল সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।
তিনি বলেন, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা অনুযায়ী ৩৫তম বিসিএসে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পদে সুপারিশ পায়নি তাদের মধ্য থেকে মেধাক্রম ও বিদ্যমান কোটা পদ্ধতির ভিত্তিতে ৩৯৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে, তথ্য বিভ্রাটের জন্য তিন জনের ফল স্থগিত রয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা কর্মকর্তা পদে ২০০ জন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী পদে ৪৮ জন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পদে ২০ জনসহ ৪৩টি সরকারি দপ্তর ও সংস্থায় ৩৯৫ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।
৩৫তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে সুপারিশ দেওয়া শেষ হলে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করবে কমিশন।
৩৫তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৫ হাজার ৫১৭ জন পাস করলেও এদের মধ্য থেকে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৫৮ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি।
লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও যারা ক্যাডায় পায়নি তাদের মধ্যে যারা প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ পেতে ইচ্ছুক তাদের কাছে আবেদন চায় কমিশন। দুই হাজার ৬০০ জন আবেদন জমা দেন।
গত ২৮তম বিসিএস থেকে বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা কোনো ক্যাডায় পায়নি তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হচ্ছিল।
এক বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর আরেকটি বিসিএসে উত্তীর্ণদের নিয়োগের আগ পর্যন্ত আগের বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া হয়।
২০১৪ সালের ১৭ জুন নন-ক্যাডার নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০ সংশোধন করে বিসিএস উত্তীর্ণদের মধ্য থেকে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগের এই সুযোগ করে দেয় সরকার।
