২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর মামলায় রিভিউ শুনানি ফের সোমবার

একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় সর্বোচ্চ আদালতের দেওয়া সাজার রায় পুনর্বিবেচনার জন্য জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও রাষ্ট্রপক্ষের করা দুটি আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2017, 01:51 PM

Updated : 11 Oct 2022, 02:00 PM

পুরনো খবর:

সাজা কমিয়ে সাঈদীর আমৃত্যু কারাদণ্ড
তিন অপরাধে সাঈদীর আমৃত্যু কারাবাস
রাজাকার সাঈদীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
রাজাকার সাঈদীর ফাঁসির আদেশ

প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চে রোববার বেলা ১২টার দিকে এই রিভিউ শুনানি শুরু হয়।

প্রথম দিন প্রায় এক ঘণ্টা শুনানির পর এ মামলার কার্যক্রম সোমবার পর্যন্ত মুলতবি করা হয়। ওই দিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বক্তব্য উপস্থাপন করবেন।

শুনানির পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, “সাঈদীর যে সাজা, তার বিরুদ্ধে আসামিপক্ষ একটি রিভিউ পিটিশন দায়ের করেছিল এই বলে যে, সে (সাঈদী) ওই সময় পিরোজপুরের পারেরহাটে ছিল না। আদালত এই বিষয়টি ঠিকমতো নেননি।”

বিশাবালী হত্যাকাণ্ডে সাঈদীকে সহায়তাকারী হিসেবে সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছে, তার বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে রিভিউ আবেদন করা হয়।

মাহবুবে আলম বলেন, “আমাদের দাবি হলো সে হুকুমদাতা হিসেবেই হোক বা সেখানে উপস্থিত থেকে প্ররোচনা দিয়েই হোক, যদি হত্যাকাণ্ডে সে জড়িত থাকে… আর সর্বোচ্চ আদালত যেখানে বলেছে সে অপরাধী, তাই তাকে ফাঁসি দেওয়াটাই ছিল বাঞ্ছনীয়। সে ফাঁসির জন্যই আমাদের রিভিউ।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নরমালি রিভিউ পিটিশন খারিজ হয় এটাই দেখে আসছি। আদালত সে বিষয়ে মন্তব্য করে বলেছেন, রিভিউ পিটিশন আমাদের সামনে উপস্থাপন করলেই আমরা খারিজ করে দেব, এটা ঠিক না। তাতে যদি সারবত্তা থাকে অবশ্যই আমরা বিবেচনা করব।”

সাঈদীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, “আজকে রিভিউ পিটিশনে তিনটা চার্জের বিরুদ্ধে বলেছি। বলেছি এই চার্জগুলোতে ট্রাইব্যুনাল কোনো সাজা দেয়নি কিন্তু আপিল বিভাগ তাদের কনভিকশন দিয়েছে। তিনটি চার্জেই তাকে (সাঈদীকে) আমুত্যু দেওয়া হয়েছে।

“আমরা সাক্ষ্য-প্রমাণ দিয়ে দেখাতে চেষ্টা করেছি, যেসব সাক্ষ্য-প্রমাণের উপর ভিত্তি করে এ সাজা দেওয়া হয়েছে, সেটি সঠিক হয়নি। এর পুনর্বিবেচনা দরকার। বিশেষ করে ডিসেন্ডিং জাজমেন্ট, বিচারপতি ওয়াহাব মিঞা যে জাজমেন্ট দিয়েছে সেটিও আমরা তুলে ধরেছি।”

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলে সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলেও সেই রায় পুনর্বিবেচনার আবেদনে খালাস চেয়েছেন জামায়াতে ইসলামীর এই নেতা।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের করা আবেদনে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় পুনর্বহাল চাওয়া হয়েছে।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রথম অভিযুক্ত ব্যক্তি হিসাবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীর বিচার শুরু হয়েছিল ২০১১ সালের ৩ অক্টোবর।

হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এরপর সাঈদী আপিল করলে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর পাঁচ বিচারকের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে রায় দেয়, তাতে সাজা কমে আমৃত্যু কারাদণ্ডের আদেশ আসে।

আপিলের রায়ে ১০, ১৬ ও ১৯ নম্বর অভিযোগে হত্যা, নিপীড়ন, অপহরণ, নির্যাতন, ধর্ষণ ও ধর্মান্তরে বাধ্য করায় সাঈদীকে ‘যাবজ্জীবন’ কারাদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন বলতে ‘স্বাভাবিক মৃত্যুর সময় পর্যন্ত’ কারাবাস বোঝাবে বলে ব্যাখ্যা দেয় আদালত।

এছাড়া ৮ নম্বর অভিযোগের একাংশের জন্য সাঈদীকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৭ নম্বর অভিযোগে ১০ বছর কারাদণ্ডের আদেশ দেয় আপিল বিভাগ।

এর মধ্যে ৮ ও ১০ নম্বর অভিযোগে ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যা এবং হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে আগুন দেও্য়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাঈদীর ফাঁসির রায় দিয়েছিল।

আপিলের রায়ের ১৫ মাস পর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সর্বোচ্চ আদালত এর পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করলে বিষয়টি রিভিউয়ের পর্যায়ে আসে।

এরপর গতবছর ১২ জানুয়ারি সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর পাঁচদিনের মাথায় খালাস চেয়ে রিভিউ আবেদন করেন সাঈদী।