শাহজালালে দেড় কেজি সোনাসহ ভারতীয় আটক
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি সোনাসহ ভারতের এক নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দল।
আটক সৌরভ মণ্ডল (২৭) কলকাতার বাসিন্দা। তিনি পেশায় ইমিটেশন অলঙ্কার ব্যবসায়ী।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার এইচ এম আহসান কবির বলেন, সৌরভ রিজেন্ট এয়ারওয়েজের ব্যাংকক-চট্টগ্রাম-ঢাকার আরএক্স ফ্লাইটে চট্টগ্রাম থেকে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা আসেন।
দেড় কেজি ওজনের ওই সোনার বর্তমান বাজার মূল্য ৭৮ লাখ টাকা বলে জানান কাস্টমস কর্মকর্তা আহসান।
তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভ বলেছে, সে চট্টগ্রাম থেকে এয়ারক্রাফটে উঠে। এরপর ১৭ ই নম্বর সিট থেকে এই সোনা সংগ্রহ করে টয়লেটে গিয়ে জুতার ভেতর লুকিয়ে ফেলে।”
