২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃদু তাপপ্রবাহ দেশে

বৈশাখের শেষে এসে দেশের বিস্তীর্ণ অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলছেন আবহাওয়াবিদরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2017, 11:09 PM

Updated : 19 Aug 2022, 04:35 PM

এরই মধ্যে রংপুর, খুলনা ও সিলেটের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস; বৃহস্পতিবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

“বৈশাখের শেষে এসে সর্বত্র অস্বস্তিকর গরম বিরাজ করছে।”

ফরিদপুর, মাদারীপুর, সাতক্ষীরা, রাঙ্গামাটি, মাইজদীকোর্ট, ফেনী, রাজশাহী, খুলনা, মংলা, সাতক্ষীরা, যশোর, বরিশাল, খেঁপুপাড়া ও ভোলায় এই তাপদাহ চলছে জানিয়ে তিনি বলেন, “তা অব্যাহত থাকতে পারে।

“কোথাও কোথাও বৃষ্টি হওয়ায় তাপমাত্রাও কমতে থাকবে, তবে অস্বস্তিকর গরম সহজে ছাড়ছে না। ফের চলতি মাসের তৃতীয় সপ্তাহে গিয়ে তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। এ সময় মৃদু তাপপ্রবাহ আবার শুরু হতে পারে।”

চলতি মৌসুমে এটা তৃতীয় দফা মৃদু তাপদাহ চলছে।

এর আগে মে মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে দেশের বিভিন্ন স্থানে কয়েকটি তাপপ্রবাহের কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, মে মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি তীব্র এবং অন্যত্র দুই থেকে তিনটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

থার্মোমিটারের পারদ চড়তে চড়তে যদি ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠে, আবহাওয়াবিদরা তাকে মৃদু তাপপ্রবাহ বলেন।

উষ্ণতা বেড়ে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি তাপপ্রবাহ। আর তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করে আবহাওয়া অফিস।

পুরনো খবর:

অস্বস্তিকর গরম আরও অন্তত দুদিন
কী কী দুর্যোগ আনছে মে?
বজ্রপাতে সারাদেশে ১৬ জনের মৃত্যু
আবহাওয়া পূর্বাভাস ব্যব্স্থার আধুনিকায়নে বিশ্ব ব্যাংকের ঋণ