শুল্ক ফাঁকি: ইউএনডিপি কর্মকর্তার বিরুদ্ধে মামলার সুপারিশ
শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ি আইন লঙ্ঘন করে হস্তান্তরের ঘটনায় বাংলাদেশে ইউএনডিপির সাবেক আবাসিক সমন্বয়ক স্টেফান প্রিজনারের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার তাদের তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানো হয়েছে।
স্টিফেন প্রিজনার ব্যবহৃত শুল্কমুক্ত সুবিধায় আনা একটি গাড়ি ২০১৬ সালের ২৮ নভেম্বর উত্তরার একটি বাড়ি থেকে আটক করে শুল্ক গোয়েন্দা বিভাগ। এরপর ওই বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ সফিউর রহমানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
মইনুল খান বলেন, ব্যক্তিগত ব্যবহারের জন্য শুল্কমুক্ত সুবিধার গাড়ি এনে অবৈধভাবে নন-প্রিভিলেজড ব্যক্তির কাছে হস্তান্তর এবং এর মাধ্যমে ‘অনৈতিক আর্থিক লেনদেনের’ যে অভিযোগ স্টেফান প্রিজনারের বিরুদ্ধে ছিল, তার সত্যতা পেয়েছে তদন্ত দল।
“ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে গাড়িটি বিক্রির অর্থ লেনদেন হয়েছে বাংলাদেশের বাইরের এক ব্যাংকের মাধ্যমে, যা মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ হিসেবে বিবেচ্য। তার এই কার্যক্রম শুল্ক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।”
স্টিফেন প্রিজনারের শুল্কমুক্ত কোটায় আনা এই গাড়িটি আটক করেছেন শুল্ক গোয়েন্দারা
কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের জন্য সংরক্ষিত হলুদ নম্বর প্লেটের গাড়িটি গত বছর জব্দ করার পর শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে স্টেফান প্রিজনারকে দুই দফা নোটিস পাঠানো হয়।
কিন্তু ইউএনডিপির হয়ে বর্তমানে উজবেকিস্তানে কর্মরত প্রিজনার চিঠি পাঠিয়ে বাংলাদেশে আসতে অপারগতা প্রকাশ করেন।
মইনুল খান বলেন, শুল্ক গোয়েন্দা বিভাগের অভিযোগের এই বিবরণী ইউএনডিপির নিউ ইয়র্ক সদর দপ্তরেও পাঠানোর সুপারিশ করা হয়েছে।
“ইউএনডিপির নিজস্ব সুশাসনের নীতির আলোকে প্রিজনারের বিরুদ্ধে আইনানুগ ও শৃঙ্খলাজনিত ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে এই তদন্ত প্রতিবেদনের সুপারিশে।”
