শুল্কমুক্ত সুবিধার গাড়ি: ইউএনডিপির সাবেক আবাসিক সমন্বয়ককে তলব
শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ির অপব্যবহারের অভিযোগে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির সাবেক আবাসিক সমন্বয়ক স্টেফান প্রিজনারকে তলব করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
বিভাগের মহাপরিচালক মইনুল খান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার তাকে দ্বিতীয়বারের মতো চিঠি দিয়ে ৩০ মার্চ তলব করা হয়েছে।
ইউএনডিপির হয়ে বর্তমানে উজবেকিস্তানে কর্মরত আছেন প্রিজনার। এর আগে ২৮ ডিসেম্বর চিঠি দেওয়া হলে তিনি আসতে অপারগতা প্রকাশ করেছিলেন বলে জানান মইনুল খান।
প্রিজনার ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশে ইউএনডিপির আবাসিক সমন্বয়ক ছিলেন। ২০১২ সালে বাংলাদেশ ছাড়ার সময় তিনি শুল্কমুক্ত সুবিধায় আনা মিতসুবিসি পাজেরো মডেলের গাড়িটি তারেক হাসান নামে এক ব্যবসায়ীর কাছে হস্তান্তর করেন।
স্টিফেন প্রিজনারের শুল্কমুক্ত কোটায় আনা এই গাড়িটি আটক করেছেন শুল্ক গোয়েন্দারা
এরপর শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগের তদন্তের অংশ হিসেবে স্টেফান প্রিজনারকে নোটিশ দেওয়া হয় বলে জানান তিনি।
“প্রাথমিকভাবে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগ গঠন করার সময় আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে তাকে তলব করা হয়। ওইদিন ব্যবসায়ী তারেক হাসান ও ইউএনডিপি মিশনের একজন প্রতিনিধিও থাকবেন।”
