র্যাবের ৩ কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ হাই কোর্টের
গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে হাজির না করায় র্যাবের তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে নিজ নিজ বাহিনীতে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
র্যাব-৩ এ কর্মরত ওই তিন কর্মকর্তা হলেন মেজর ফাহিম আদনান সিদ্দিকী, এএসপি মো. আবদুর রকিব খান এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার দ্বিজেন্দ্র চন্দ্র দে।
একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতেও বলেছে হাই কোর্ট।
মঙ্গলবার মো. রাশেদ খান নামে মানব পাচার মামলার এক আসামির করা মামলা বাতিলের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ হোসেন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ। র্যাবের তিন কর্মকর্তার পক্ষে ছিলেন আইনজীবী এএসএম আব্দুল মবিন।
ইউসুফ মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি বছরের ৭ জানুয়ারি মানব পাচারের অভিযোগে সেলিমুজ্জামান, শহিদুল ইসলাম ও আনোয়ারুল আজিম নামে তিন জনকে গ্রেপ্তার করে র্যাব।পরে ওই তিনজনকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাশেদ খানসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
“ফৌজদারী কার্যবিধি অনুযায়ী গ্রেপ্তার আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজিরের বিধান থাকলেও এ আসামিদের আদালতে হাজির করা হয়নি।”
২০ জানুয়ারি তিন আসামিকে হাজির করা হলে আদালত জামিন মঞ্জুর না করে তাদের কারাগারে পাঠিয়ে দেয়।
এদের মধ্যে রাশেদ তার বিরুদ্ধে মানব পাচার আইনে করা মামলা বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেন।
ইউসুফ মাহমুদ মোরশেদ বলেন, গ্রেপ্তারের পর চব্বিশ ঘণ্টার মধ্যে আসামিদের আদালতে হাজির না করে আটকে রেখে র্যাব কর্মকর্তারা আইন লঙ্ঘন করেছেন।
“এটা আইন ও সর্বোচ্চ আদালতের রায়ের লঙ্ঘন।”
