তামাকজাত পণ্যে সুনির্দিষ্ট কর আরোপের দাবি
আগামী বাজেটে সিগারেটে করের মূল্যস্তর প্রথা বাতিলের পাশাপাশি সব ধরনের তামাকজাত পণ্যের কর বাড়িয়ে ‘প্যাকেট বা কৌটা প্রতি’ সুনির্দিষ্ট কর আরোপের দাবি জানিয়েছে তামাকবিরোধী কয়েকটি সংগঠন।
সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তামাকবিরোধী সংগঠন প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) এবং অ্যান্টি টোবাকো মিডিয়া এলায়েন্সের (আত্মা) উদ্যোগে প্রাক-বাজেট আলোচনায় এ দাবি জানানো হয়।
তারা বলছে, সুনির্দিষ্ট কর আরোপ হলে দেশে তামাক ব্যবহারের পরিমাণ কমার পাশাপাশি সরকারের অতিরিক্ত ছয় হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয় হবে।
আলোচনার সিগারেটের ‘বহুস্তর বিশিষ্ট কর কাঠামো’কে কর ফাঁকির অন্যতম উৎস হিসেবে আখ্যায়িত করেন অতিথি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জামান।
তিনি বলেন, “ধীরে ধীরে একক কর কাঠামোর দিকে যেতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন করতে চাইলে এই উদ্যোগ আমাদের নিতে হবে।
“মানুষের কাছে তামাকের চাহিদা কমাতে হলে কেবল কর বাড়ালেই চলবে না, প্রয়োজন তামাকের ক্ষতিকর দিক বিষয়ে সচেতন করে তোলা।”
উন্নয়নশীল দেশগুলোতে দেশের উন্নয়নের স্বার্থে অনেক সময় বিশেষ বিবেচনায় তামাক-মাদক সেবনের বৈধতা দেওয়া হলেও বাংলাদেশের এখন সেই অবস্থা নেই বলে মনে করেন কাজী খলীকুজ্জামান।
“ফলে দেশে তামাকজাত পণ্যের দাম বাড়ানোসহ উচ্চ কর আরোপ করলে যদি কোনো কোম্পানি বন্ধ হয়, তাহলে হোক। সরকার কোম্পানি থেকে হয়ত রাজস্ব পাবেনা, তাই বলে তো আমরা মানুষের ক্ষতি করতে পারি না।”
দেশের অর্থনীতির কথা বিবেচনা করলেও সবার আগে সাধারণ মানুষের কল্যাণের বিষয়টিতে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন এ অর্থনীতিবিদ।
“এই দেশটি কাদের জন্য, সাধারণ মানুষের। মানুষের কথা চিন্তা করে যদি আমাদের অর্থনীতির কথা চিন্তা করি, তাহলে এর জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে।
“গণমানুষের ক্ষতি করা যাবেনা। এটা হতে দেওয়া যাবেনা। তবে হঠাৎ তো বন্ধ করা যাবেনা। কারণ হঠাৎ সরকারের আয় কমে যাবে। ফলে আস্তে আস্তে বন্ধের পথে আগাতে হবে।”
খরচের বিষয়ে বিধিমালা না থাকায় ‘স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ’ খাত থেকে পাওয়া ৬০০ কোটি টাকা সরকারি কোষাগারে অলস পড়ে আছে বলে জানান খলীকুজ্জামান।
এ ব্যাপারে দ্রুত বিধিমালা করার উপর জোর দেন তিনি।
বিশেষ অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আমিনুর রহমান বলেন, “এনবিআরের রাজস্বের একটা বড় অংশ আসে তামাক থেকে। পরিবর্তন আনতে, সেই ঝুঁকিটা নিতে এনবিআর দ্বিধাদ্বন্দ্বে ভোগে।
“সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দুর্বলতা হল- এনবিআর ২০১০-১১ সালে যে টোবাকো সেল করেছিল, সেটি অকার্যকর অবস্থায় আছে। এটি রিভাইভ করা প্রয়োজন। এটিকে কীভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়, সেদিকে চাপ সৃষ্টি করতে হবে।”
সিগারেটের বাজার ধীরে ধীরে ‘মনোপলির’ দিকে এগিয়ে যাচ্ছে জানিয়ে ছোট কোম্পানিগুলোর স্বার্থের দিকেও নজর রাখার কথা বলেন আমিনুর রহমান।
“জাতীয় রাজস্ব বোর্ডের উপর বিভিন্ন দিক থেকে চাপ আসে। পুরো বাজারটা বহুজাতিক কোম্পানির হাতে চলে যাচ্ছে।
“ট্যাক্সটা বাড়ালে এটা তাদের সহ্যক্ষমতায় আছে। কিন্তু ছোট কোম্পানির সে ক্ষমতা নাই। তারা ঝুঁকির মধ্যে পড়বে। সেদিকেও আমাদের নজর দিতে হবে।”
ভাইরাল স্ট্রাটেজিস বাংলাদেশের কান্ট্রি অ্যাডভাইজর শফিকুল ইসলাম বলেন, “টোবাকোতে ট্যাক্স বাড়ে না। আসলে সমস্যা একটাই, সেটা হল রাজনৈতিক অঙ্গীকার। পলিটিক্যাল উইলটাকে আমরা ঠিকমতো হয়তো আমাদের পক্ষে আনতে পারছি না।”
জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার, আত্মার আহ্বায়ক মর্তুজা হায়দার লিটন, ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডসের (সিটিএফকে) গ্রান্টস ম্যানেজার মাহফুজুল হক ভূঁঞা এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বক্তব্য রাখেন।
আলোচনার সঞ্চালক ছিলেন টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার প্রধান প্রতিবেদক এবং আত্মার যুগ্ম-আহ্বায়ক নাদিরা কিরণ।
‘কেমন বাজেট চাই’ শীর্ষক এ আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রুমানা হক।
চারটি প্রস্তাবনা এবং নয়টি সুপারিশ তুলে ধরেন ড. রুমানা হক।
প্রস্তাবনায় বলা হয়- সিগারেট, বিড়ি এবং জর্দা-গুলের উপর কর ও খুচরা দাম বাড়ানো হলে ছয় হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয় হবে। একইসঙ্গে তামাকের ব্যবহারও কমবে।
সুপারিশের মধ্যে রয়েছে- সিগারেটের করের মূল্যস্তর প্রথা বাতিল, সিগারেট ও বিড়ির শলাকার সংখ্যা এবং জর্দা ও গুলের ওজনের উপর সুনির্দিষ্ট কর আরোপ, খাদ্য নিরাপত্তা সুসংহতকরণে তামাকের উপর বিদ্যমান রপ্তানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা এবং তামাক পণ্যের উপর স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ শতকরা এক ভাগ থেকে বাড়িয়ে দুই ভাগ করা।
তামাক বিরোধী সংগঠন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহছানিয়া মিশন, অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি), ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশন (ইপসা) এবং তামাক বিরোধী নারী জোটের (তাবিনাজ) সদস্যরা আলোচনায় অংশ নেন।
