২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দীপন হত্যা: ফের পিছিয়েছে প্রতিবেদন দাখিলের সময়

প্রকাশক ফয়সল আরেফীন দিপন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2017, 03:32 PM

Updated : 19 Aug 2022, 04:33 PM

রোববার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান প্রতিবেদন জমা দিতে না পারায় আগামী ৭ জুন নতুন দিন রাখেন ঢাকার মহানগর হাকিম গোলাম নবী।

এ আদালতের সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোজাম্মেল হোসেন জানান, এ নিয়ে প্রতিবেদন দাখিলে মোট ১৬ বার সময় পেলেন তদন্ত কর্তা।

২০১৫ সালের ৩১ অক্টোবর বিকালে ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফীন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়।

Image
ফয়সল আরেফীন দীপন (ফাইল ছবি)

ফয়সল আরেফীন দীপন (ফাইল ছবি)

সেদিনই লালমাটিয়ায় আরেক প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এর কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করা হয়।

ওই দুই প্রকাশনা থেকেই বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের বই প্রকাশিত হয়েছে, যিনি ওই বছরই একইভাবে খুন হন।

একই দিনে দুই প্রকাশকের ওপর হামলার পেছনে আনসারুল্লাহ বাংলাটিমকে সন্দেহ পুলিশের। এর আগে অভিজিৎ রায়সহ ব্লগার হত্যার তদন্তেও ওই জঙ্গি সংগঠনটির নাম উঠে এসেছে।

দীপন হত্যার ঘটনায় শাহবাগ থানায় তার স্ত্রী ডা. রাজিয়া রহমানের করা মামলায় সংগঠনটির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- মাঈনুল হাসান শামীম, আব্দুস সামাদ ওরফে আব্দুস সবুর ও খায়রুল ইসলাম।

হত্যার ঘটনায় শামীম ১৬৪ ধারায় হাকিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর সবুরকে কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুরনো খবর:

দীপন হত্যা: প্রতিবেদনের নতুন তারিখ ৭ মে