২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ নৌযান চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বন্ধ করে দেওয়া ৪০টি তেলবাহী জাহাজ চালুসহ কয়েক দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2017, 05:37 PM

Updated : 11 Apr 2022, 11:32 PM

শনিবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করে।

চলাচলের অনুপোযুক্ত চিহ্নিত করে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই ৪০টি নৌযানের নদীপথে চলাচল নিষিদ্ধ করেছে।

বিক্ষোভ শেষে সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম দাবি করেন, খনিজ সম্পদ মন্ত্রণালয় আন্তর্জাতিক ও জাতীয় আইন অমান্য করে নদীপথে ৪০টি তেলবাহী জাহাজ চলাচল বন্ধ রেখেছে।

“এতে হাজারের বেশি শ্রমিক বেকার হয়ে পড়েছে। শ্রমিকরা বারবার বেতন-ভাতার দাবি করে আসলেও সরকার তা আমলে নিচ্ছে না।”

সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ বাহার নৌযান শ্রমিকদের নায্য বেতন নিশ্চিত করার দাবি জানান।

তিনি বলেন, নৌযান শ্রমিকরা তাদের জন্য যে বরাদ্দ আছে সেই হারে বেতন না পেয়ে দুঃখ-কষ্টে দিন কাটাচ্ছে।

সংগঠনটির সভাপতি মো. শাহ আলম ভূইয়া বলেন, ল্যান্ডিং পাস না থাকার অজুহাতে ভারতে আটজন এবং ঢাকায় কোকো জাহাজ দুর্ঘটনায় দায়ী করে আটজন নৌযান শ্রমিককে কারাগারে পাঠানো হয়েছে।

“ওই মামলায় লঞ্চটির মালিককে নামমাত্র জরিমানা করা হয়েছে। কিন্তু নিরীহ শ্রমিকদের কারাগারে পাঠানো হয়েছে।এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না।”

আসন্ন রমজান মাসের আগেই ওই ১৬ জন শ্রমিকের মুক্তি দাবি করেন তিনি।

সরকার দ্রুত দাবি না মানলে তার সংগঠন আরও কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি পূরণে বাধ্য করবে বলেও ঘোষণা দেন শাহ আলম।

অন্যদের মধ্যে ফেডারেশনটির নেতা নবী আলম মাস্টার, প্রদীপ কুমার চৌধুরী এবং খুরশীদ আলম সমাবেশে বক্তব্য দেন।