চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে মানববন্ধন
৩৮তম বিসিএস সার্কুলারের আগে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ১০ম জাতীয় সংসদের চলতি অধিবেশনে বিষয়টি বাস্তবায়নের দাবি জানিয়ে মানববন্ধন করে সংগঠনটি।
মানববন্ধনে পরিষদের সাধারণ সম্পাদক সবুজ ভুঁইয়া বলেন, “উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা প্রয়োজন। উন্নত বিশ্বে কোথাও চাকরিতে প্রবেশের বয়স ৩০ নেই। উদাহরণ হিসেবে বলা যায়- ভারতে ৩৯, শ্রীলংকায় ৪৫, মালয়েশিয়ায় ৩৫, ইন্দোনেশিয়ায় ৪৫, ফ্রান্সে ৪০, যুক্তরাষ্ট্রে ৫৯, কানাডায় ৫৯।
“বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় বেশির ভাগ সময় ডিগ্রি অর্জনের পর চাকরির পড়াশোনার প্রস্তুতি নিতে নিতে বয়স শেষ হয়ে যায়। তার ফলে দেশে বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা এ থেকে উত্তরণ চাই।”
সাংগঠনিক সম্পাদক নিত্যানন্দ সরকার বলেন, “জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি ২১তম বৈঠকে ৩২ বছর করার সুপারিশ জানান। নবম জাতীয় সংসদে ১৪তম অধিবেশনে ৩৫ বছরের প্রস্তাবটি প্রথম প্রস্তাব হিসেবে গৃহীত হয়।
আরেক সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমেদ বলেন, “আমাদের গড় আয়ু যখন ৪৫ ছিল, তখন চাকরিতে প্রবেশের ছিল ২৭। গড় আয়ু যখন ৫০ ছাড়ালো তখন প্রবেশের বয়স হল ৩০। বর্তমানে গড় আয়ু ৭১.৬ মাস। তাহলে চাকরিতে প্রবেশের বয়স কত হওয়া উচিত?”
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন রাজু বলেন, “দীর্ঘ দিন ধরে আমরা চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি জানিয়ে আসছি। অনেক সময় দিয়েছি আর নয়। চলতি সংসদ অধিবেশেনে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার ইতিবাচক ভুমিকা না আসলে আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
মানববন্ধনে চাকরি প্রত্যাশি ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
