সাউথ এশিয়া স্যাটেলাইটের ‘সফল’ উৎক্ষেপণ
ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণের পর সফলভাবে পৃথিবীর কক্ষপথে পৌঁছেছে আলোচিত ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’, যার মধ্য দিয়ে এ অঞ্চলের সাত দেশের সহযোগিতা মহাকাশ পর্যন্ত বিস্তৃত হল।
এনডিটিভির খবরে বলা হয়, পুরোদস্তুর একটি হাতির সমান ওজনের (২২৩০ কেজি) এই যোগাযোগ ও আবহাওয়া উপগ্রহ নিয়ে স্থানীয় সময় শুক্রবার বিকাল ৫টা ২৭ মিনিটে অন্ধ্র প্রদেশের ওই উৎক্ষেপণ কেন্দ্রে থেকে রওনা হয় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একটি জিএসএলভি-এফ০৯ রকেট।
সফল উৎক্ষেপণের পর নির্ধারিত উচ্চতায় পৌঁছে কৃত্রিম উপগ্রহটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়। এরপর সেটি কক্ষপথের কাঙ্ক্ষিত অবস্থানের খুব কাছাকাছি একটি জায়গায় অবস্থান নিয়ে আবর্তন শুরু করে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়।
ইসরোর তৈরি ৪০ কোটি ডলারের এই জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট নির্মাণ ও উৎক্ষেপণের পুরো ব্যয় বহন করেছে ভারত। বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান এ উপগ্রহের ১২টি ট্রান্সপন্ডারের অন্তত একটি করে ব্যবহারের সুযোগ পাবে। তবে সেজন্য গ্রাউন্ড ইনফ্রাস্ট্রাকচার নিজেদেরই তৈরি করে নিতে হবে।
এই স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্যোগ নেওয়ার পর ভারত ২০১৪ সালের সার্ক সম্মেলনে দক্ষিণ এশিয়ার সব দেশকে এ উপগ্রহের সঙ্গে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়েছিল। পাকিস্তান ছাড়া সার্কের সব দেশই তাতে সাড়া দেয়।
ভারতীয় প্রধানমন্ত্রী মোদী এই উপগ্রহকে বর্ণনা করেছেন প্রতিবেশীদের জন্য তার ‘উপহার’ হিসেবে। আর বিশ্লেষকরা বিষয়টিকে দেখছেন মোদীর মহাকাশ কূটনীতির সাফল্য হিসেবে।
>> মূল নাম জিস্যাট-৯
>> নির্মাণ শুরু হয় ২০১৪ সালে। এর কর্মক্ষমতা থাকবে ১২ বছর্।
>> ৫০ মিটার দৈর্ঘ্যের যে রকেট উপগ্রহটি কক্ষপথে পৌঁছে দেয়, বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন ‘নটি বয়।
>> টেলি মেডিসিন, টেলি শিক্ষা, আন্তঃসরকার নেটওয়ার্ক, দুর্যোগ পরিস্থিতিতে জরুরি যোগাযোগ, টেলিভিশন ব্রডকাস্ট ও ডিটিএইচ টেলিভিশন সেবার সুবিধা পাওয়া যাবে এই স্যাটেলাইটের মাধ্যমে।
স্যাটেলাইট উৎক্ষেপণ উদযাপনে সাত দেশের সরকার প্রধানরা ভিডিও কনফারেন্সে যুক্ত হন। মোদী বলেন, এই উপগ্রহ মহাকাশে দক্ষিণ এশিয়ার সহযোগিতার প্রতীক হয়ে থাকবে এবং এই সাত দেশের সহযোগিতার ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করবে।
এ প্রকল্পে সমর্থন দেওয়ার জন্য সাত দেশের সরকারের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে ধন্যবাদ দেন এ প্রকল্পে যুক্ত ইসরোর বিজ্ঞানী ও প্রকৌশলীদের।
এ স্যাটেলাইটের নাম প্রথমে সার্ক স্যাটেলাইট ঠিক করা হলেও পাকিস্তান না আসায় পরে নাম বদলে রাখা হয় সাউথ এশিয়া স্যাটেলাইট।
বাংলাদেশ নিজস্ব কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা নিলেও সেই প্রকল্প বাধাগ্রস্ত হবে না নিশ্চিত হওয়ার পর সাউথ এশিয়া স্যাটেলাইটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
শুক্রবার সন্ধ্যায় ঢাকার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে উপগ্রহ উৎক্ষেপণ অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “এর ফলে, স্থল ও জলের পর মহাকাশেও আমাদের মধ্যে যোগাযোগে স্থাপিত হবে। আগামী দিনে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে এর মধ্য দিয়ে।”
