২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ কেজি সোনা ধরিয়ে বিমানের ২ পরিচ্ছন্নতাকর্মী পুরস্কৃত

আসনের নিচে লুকিয়ে রাখা সাড়ে তিন কোটি টাকা মূল্যের সাত কেজি সোনা ধরিয়ে দেওয়ায় উড়োজাহাজের দুই পরিচ্ছন্নতাকর্মীকে পুরস্কৃত করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2017, 11:00 PM

Updated : 11 Oct 2022, 01:56 PM

বুধবার রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কার্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী আবদুল কাদের ও আলমাস হোসাইনের হাতে সম্মাননা তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান।

গত মঙ্গলবার এ দুজনের দেওয়া তথ্য অনুযায়ী কলকাতা থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে প্রায় সাত কেজি সোনা উদ্ধার করেন শুল্ক কর্মকর্তারা।

ব্যক্তিগত সততার স্বীকৃতি হিসেবে আবদুল কাদের ও আলমাস হোসাইনকে একটি করে ক্রেস্ট ও প্রশংসাপত্র দেওয়া হয়।

অনুষ্ঠানে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন বক্তব্য দেন।

মইনুল খান জানান, কাদের ও আলমাস কলকাতা থেকে আসা বিমানটি পরিষ্কার করার সময় সিটের নিচের অংশে প্যাকেট দেখতে পান।

“প্যাকেটে চোরাই পথে আনা সোনা থাকতে পারে সন্দেহের ভিত্তিতে তারা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিষয়টি শাহজালাল বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষের নজরে আনে এবং প্যাকেটগুলো তাদের হাতে তুলে দেয়।”

মইনুল খান বলেন, পরে প্যাকেট খুলে ভেতরে প্রতিটি ১১৬ গ্রাম ওজনের ৬০টি সোনার বার পাওয়া যায়।

বিমানবন্দরে চোরাচালানের সোনা নিজ উদ্যোগে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর বা কর্তৃপক্ষকে জানানো একটি বিরল ঘটনা বলে জানান মইনুল খান।