২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাংলাদেশে

বাংলাদেশ আগামী বছরের দ্বিতীয়ার্ধে অরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজন করতে যাচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2017, 06:28 PM

Updated : 19 Aug 2022, 04:31 PM

সৌদি আরবের জেদ্দায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ৪৪তম বৈঠকের প্রস্তুতির বিষয়ে মঙ্গলবার সদস্য দেশগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, সভায় ৫৭ সদস্যের মুসলিম দেশগুলোর এ সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৫তম বৈঠক আয়োজনের বিষয়ে বাংলাদেশের একটি খসড়া প্রস্তাবকে স্বাগত জানানো হয়।

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

সভায় গ্রহণ করা বেশকিছু প্রস্তাবের মধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়ে একটি প্রস্তাবও রয়েছে। প্রস্তাবে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের মুসলিম জনগোষ্ঠীটির বিষয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করা হয়।

মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিকত্ব পুনর্বহালের পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া মুসলিম এ জনগোষ্ঠীর সদস্যদের ফিরিয়ে নিয়ে যথাযথ পুনর্বাসনসহ এবিষয়ে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে গঠিত উপদেষ্টা কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদ দেয় ওআইসি।

সভায় অংশ নেওয়ার পাশাপাশি পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ওআইসির মহাসচিব ড. ইউসেফ এ আল-ওথাইমিনের সঙ্গেও বৈঠক করেন।

এসময় ওআইসি মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হলে তিনি গ্রহণ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।