শিল্পকলায় শুরু হচ্ছে এশিয়ান থিয়েটার সামিট
ইন্টারন্যাশনাল থিয়েটার অ্যাসোসিয়েশনের (আইআটা) এশিয়ান রিজিওনাল সেন্টারের উদ্যোগে শুরু হতে যাচ্ছে দুইদিনব্যাপী এশিয়ান থিয়েটার সামিট-২০১৭।
শুক্রবার সকাল ১০টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে সামিটের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যৌথভাবে আয়োজনটি করছে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আইআটা এশীয় অঞ্চলের সভাপতি লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধনী আসরে উপস্থিত থাকবেন আইটিআই বিশ্বকেন্দ্রের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ, নাট্যকার আব্দুস সেলিম, প্রাবন্ধিক মফিদুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহমেদ, নাট্যব্যক্তিত্ব দেবপ্রসাদ দেবনাথ, পিটিএর ভারপ্রাপ্ত মহাসচিব কৃষ্টি হেফাজ।
বুধবার সকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
এবারের আয়োজনে যোগ দিতে ইন্দোনেশিয়া থেকে আসছেন আলিকা চন্দ্র, আসছেন ভারতের ডোংরে ইয়োৎসোনা সোহাস, নেপালের প্রেম পাওডেল, লাওসের পাংনা ফ্রানখোনে, সিঙ্গাপুর থেকে আসছেন চুয়া সু পং।
আয়োজনের দ্বিতীয় দিন শনিবার সকালে বিদেশি ব্যক্তিত্বরা তাদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরবেন। পাশাপাশি তারা অংশ নেবেন সংস্কৃতি বিষয়ক এক আলোচনায়।
শনিবার দুপুরে ‘ইন্ডিজেনাস থিয়েটার অফ দ্য সার্ক রিজিওন: নিউ ডিরেকশনস’ শিরোনামে আলোচনায় প্রবন্ধ উপস্থাপন করবেন নাট্যব্যক্তিত্ব অংশুমান ভৌমিক। এশিয়ার নৃত্য নিয়ে মুক্ত আলোচনা সঞ্চালনা করেন লুবনা মরিয়ম। মার্গ নাট্যের প্রায়োগিক কলাকৌশল আলোকপাত করবেন ভারতের পিয়াল ভট্টাচার্য।
‘জিয়ন্তকাল’ নিয়ে আসছে বৈকুণ্ঠ
বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির নতুন আবৃত্তি প্রযোজনা ‘জিয়ন্তকাল’। মাহমুদুল হাকিম তানভীরের নির্দেশনায় এই আখ্যানটি বুধবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হল।
মুক্তিযুদ্ধের কিছু সত্য ঘটনাকে অবলম্বন করে ‘জিয়ন্তকাল’ রচনা করেছেন রুবাইয়াৎ আহমেদ।
বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমীর সভাপতি শিমুল মুস্তাফা বলেন, “আমাদের নতুন প্রজন্মের ভেতরে মুক্তিযুদ্ধকে ছড়িয়ে দিতে এই নতুন প্রযোজনাটি দারুণ ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”
নির্দেশক মাহমুদুল হাকিম তানভীর বলেন, “রুবাইয়াৎ আহমেদের আখ্যানটি মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আবর্তিত হলেও বর্তমান সময়ের অস্থিরতাগুলোকেও দারুণভাবে দেখানো হয়েছে। এই আখ্যানটির আবৃত্তিরূপ দিতে পেরে ভীষণ ভালো লাগছে। তবে দর্শকগণ মূল্যায়ন করবেন আমাদের সফলতা কতটুকু।”
তিনি জানান, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে প্রযোজনাটি আবর্তিত হলেও এর মূল স্পন্দন হচ্ছে মুক্তি। মানুষের মুক্তি।
