আপনারা প্রত্যেকে দেশের প্রতিনিধি: শান্তিরক্ষীদের আইজিপি
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে যাওয়া পুলিশ সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বাহিনীর প্রধান এ কে এম শহীদুল হক বলেছেন, তারা প্রত্যেকে এক একজন ‘রাষ্ট্রদূত’, দেশ ও পুলিশের মর্যাদা বৃদ্ধিতে তাদের কাজ করতে হবে।
দারফুর, কঙ্গো ও মালিতে চারটি মিশনে যোগ দিতে যাওয়া ৬০০ পুলিশ সদস্যের জন্য মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইজিপি বলেন, “বিশ্বের সংঘাতপূর্ণ ও যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিস্থাপন এবং মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশ পুলিশের ‘ব্লু হেলমেট’ পরিহিত সদস্যদের অনবদ্য অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে।
“তাদের দক্ষতা, নৈতিকতা ও উঁচুমানের পেশাদারিত্ব বিশ্ববাসীর অকুণ্ঠ সমর্থন ও প্রশংসা অর্জন করেছে। এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা ও সম্মান বৃদ্ধি পেয়েছে। সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখতে আপনাদের সচেষ্ট থাকতে হবে।”
পুলিশের শান্তিরক্ষীদের দেশের ‘অ্যাম্বাসেডর’ অভিহিত করে তিনি বলেন, “আপনারা বাংলাদেশের এবং পুলিশ বাহিনীর সুনাম ও মর্যাদা বাড়াতে কাজ করবেন। আপনাদের প্রতিটি কাজে দেশের ভাবমূর্তি রক্ষাকে প্রধান্য দিতে হবে।”
অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মো. মইনুর রহমান চৌধুরী, ডিআইজি (মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) মো. মহসিন হোসেন, অতিরিক্ত ডিআইজি আনসার উদ্দিন খান পাঠান এবং এআইজি শেখ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে দারফুর, হাইতি, কঙ্গো, মালি, দক্ষিণ সুদান ও লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ১৬৪ জন নারী সদস্যসহ ১ হাজার ৬ জন সদস্য দায়িত্ব পালন করছেন।
এছাড়া কঙ্গো ও হাইতি মিশনে বাংলাদেশ পুলিশের দুটি নারী কন্টিনজেন্ট মোতায়েন রয়েছে।
১৯৮৯ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাত্রা শুরু করে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৬ হাজার ৯৭৬ জন সদস্য মিশন সম্পন্ন করেছেন। দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন ২০ জন পুলিশ সদস্য।
