২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় অপহরণ, মুক্তিপণ নিতে গিয়ে গ্রেপ্তার ঢাকায়

মালয়েশিয়ার একটি কলেজে অধ্যয়নরত বাংলাদেশি এক শিক্ষার্থীকে সেখানে আটকে রেখে ঢাকায় মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2017, 10:37 PM

Updated : 19 Aug 2022, 04:30 PM

রাকিবুল হাসান রাতুল (২৬) নামে ওই ব্যক্তিকে দক্ষিণখান বাজারের সুলতান মার্কেটের পূর্ব পাশে চিপাগলি থেকে শনিবার গ্রেপ্তার করা হয় বলে পিবিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পিবিআই জানায়, নারায়ণগঞ্জের আমিনুল হক ভূইয়ার ছেলে এনামুল হাসান ভূইয়া ওরফে কাউছারকে (২০) মালয়েশিয়ায় আটকে রেখে দেশে মুক্তিপণের জন্য টাকা চাওয়া হচ্ছিল।

কাউছার মালয়েশিয়ায় একটি কলেজে পড়ার পাশাপাশি কুয়ালালামপুরে তার মামা শামীমের একটি দোকানে কাজ করেন এবং নাটোরের আলম ওরফে আলমগীর (৩২) নামে এক ব্যক্তির সঙ্গে থাকেন।

গত ২৬ এপ্রিল কাউছারের চাচা নারায়ণগঞ্জে অবস্থানরত নজরুল ভূইয়ার কাছে মালয়েশিয়া থেকে একটি ফোন আসে এবং কাউছারকে আটকে রাখা হয়েছে জানিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

টাকা না দিলে কাউছারকে হত্যার হুমকি দেওয়া হলে শামীম অপহরণকারীদের নির্দেশ অনুযায়ী সেখানে চার হাজার রিঙ্গিত (প্রায় ৭৭ হাজার টাকা) দেন।

এরপরও কাউছারকে না ছেড়ে তার চাচা নজরুলের কাছে আরও এক লাখ টাকা দাবি করে ঢাকায় তাদের এক প্রতিনিধির কাছে টাকা দিতে বলা হয়। তখন নজরুল দক্ষিণখান থানায় জিডি করে পিবিআইয়ের সহায়তা চান।

পিবিআই জানায়, তাদের পরামর্শে নজরুল ঢাকায় অপহরণকারী প্রতিনিধি রাতুলের সঙ্গে যোগাযোগ করেন এবং টাকা নিতে তাকে সুলতান মার্কেটের পাশে আসতে বলা হয়।

“নজরুল টাকা নিয়ে সেখানে গেলে রাতুলও আসে এবং টাকা লেনদেনের সময় ওঁৎ পেতে থাকা পিবিআই সদস্যরা রাতুলকে গ্রেপ্তার করে।”

রাতুলকে গ্রেপ্তারের খবর মালয়েশিয়ায় পৌঁছলে অপহরণকারীরা কাউছারকে ছেড়ে দেয় বলে পিবিআই জানায়।

সংস্থাটি বলছে, রাতুলের সাথে ঢাকায় আরও কয়েকজন এই অপহরণ চক্রে রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।