বাঙালি জাতীয়তাবাদ ধারণে তরুণ প্রজন্মকে ইতিহাস জানাতে হবে: মেনন
বাঙালি জাতীয়তাবাদের চেতনা ধারণে তরুণ প্রজন্মকে বাঙালির ইতিহাস জানানোর ওপর ওপর জোর দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলা ভাষায় স্থানীয় ইতিহাস চর্চা’ শীর্ষক ৪৭তম আন্তর্জাতিক সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
মেনন বলেন, “বর্তমান তরুণ প্রজন্ম বাঙালির গৌরবজ্জ্বল অতীত ইতিহাস না জেনে ক্রমেই শেকড়চ্যুত হয়ে পড়ছে। শিক্ষাব্যবস্থা দীর্ঘদিন ধরে গলদ পুঞ্জিভূত হওয়ায় তারা ইতিহাস বিমুখ হয়েছে।
“বাঙালি জাতীয়তাবাদের চেতনা ধারণ করতে হলে বাঙালির ইতিহাস জানতে হবে। এই অশনি সংকেত উত্তরণে সব কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং মাতৃভাষা বাংলাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করতে হবে।”
মাতৃভাষা চর্চার প্রতি তরুণ সমাজের অনীহা রয়েছে মনে করেন পর্যটনমন্ত্রী।
“এ দেশের তরুণরাই বায়ান্নর ভাষা আন্দেলন, বাষট্টির শিক্ষা কমিশন আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় সম্পর্কে বর্তমান প্রজন্মের ধারণা অতি সামান্য।”
তরুণ প্রজন্ম ইতিহাস বিমুখ হওয়ার জন্য শিক্ষাব্যবস্থাকে দায়ী করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সিদ্ধান্ত নিয়েছে- সব বিশ্ববিদ্যালয়ে দুটি বিষয় বাধ্যতামূলক পড়তে হবে, বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ও বাংলা ভাষা। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ভাষার ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আখতারুজ্জামান বলেন, “গণমানুষকে ইতিহাস সচেতন করতে হলে মাতৃভাষায় ইতিহাস চর্চা করতে হবে। মাতৃভাষায় জ্ঞানচর্চায় কোনো দেশ পিছিয়ে যায় না।”
সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ ইতিহাস পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুর রহিম বক্তব্য দেন।
