২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হয়রানি বন্ধে ‘ডিজিটাল লিটারেসি বিভাগ’ করবে সরকার

অনলাইনে হয়রানি প্রতিরোধ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সরকার ‘ডিজিটাল লিটারেসি বিভাগ’ চালু করবে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2017, 04:57 PM

Updated : 19 Aug 2022, 04:23 PM

তিনি বলেন, “ইন্টারনেট ব্যবহারে ঝুঁকি আছে, বিপদ আছে। কিন্তু তারপরও ইন্টারনেট ব্যাহার করতে হবে, কারণ দৈনন্দিন জীবনে ইন্টারনেট ছাড়া আমরা চলতে পারব না। তাই সচেতনভাবে আমাদের ইন্টারনেট ব্যবহার করতে হবে।”

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে ‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফর উইমেন এমপাওয়ারমেন্ট’ বিষয়ক  কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

দেশে সাইবার অপরাধের শিকার মানুষের বড় অংশ অল্পবয়সী কিশোরী এবং এদেরই এ অপরাধে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি বলে জানান তিনি।

“অল্পবয়সী মেয়েরা যখন কেউ সাইবার অপরাধের শিকার হয়, অধিকাংশ ক্ষেত্রে তারা বুঝতেই পারে না কি করবে বা কাকে জানাবে। এমনকি অনেক সময় কাউকে জানায়ও না। নীরবে হয়রানির শিকার হতে থাকে।”

এসব হয়রানি ঠেকাতে সরকার কাজ করছে জানিয়ে পলক বলেন, “আমরা একটি ‘ডিজিটাল লিটারেসি বিভাগ’ করব, যার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার সংক্রান্ত সবকিছু জানতে পারবে সাধারণ মানুষ।”

ইন্টারনেটে হয়রানি প্রতিরোধ এবং সাইবার অপরাধের শিকার হলে করণীয় সম্পর্কে জানাতে স্কুল ছাত্রীদের প্রশিক্ষণের উদ্যোগ হিসেবে ‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফর উইমেন এমপাওয়ারমেন্ট’ কর্মশালা চালু করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

সরকারের তথ্য ও প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন কন্ট্রোলার অফ সার্টিফায়িং অথোরিটিজ (সিসিএ) এ কর্মশালার আয়োজক।

সারা দেশে আটটি বিভাগের ৪০টি স্কুল-কলেজের প্রায় ১০ হাজার ছাত্রীকে এই কর্মসূচির মাধ্যমে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ কর্মসূচি শেষে ৪০টি বিদ্যালয়ে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ স্থাপন করা হবে বলে জানান তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী।

কর্মশালায় কন্ট্রোলার অফ সার্টিফায়িং অথোরিটির (সিসিএ) নিয়ন্ত্রক আবুল মানসুর মোহাম্মদ সারফ উদ্দিন বলেন, “দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। সেকারণে শিক্ষার্থীদের মাধ্যমে আমরা দেশকে সচেতন করব। আর শিক্ষার্থীরা তাদের ভাই-বোন, মা-বাবাকে সচেতন করে তুলবে।”

অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. আখতারুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান এবং ফোর ডি কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল ইমরান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস কলেজ ও ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ছয়শর বেশি ছাত্রী কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় সাইবার অপরাধ ও সংশ্লিষ্ট আইনের ব্যাখ্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপদে বিচরণের কৌশল, অপরাধ হলে তা থেকে মুক্তির উপায়, সহায়তা পাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যোগাযোগের নম্বর এবং অভিযোগ জানানোর সুনির্দিষ্ট পদ্ধতি সম্পর্কে ছাত্রীদের জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মামুনুর রশিদ কর্মশালা পরিচালনা করেন।