বক্তৃতা দিতে জাতিসংঘে রোখসানা খন্দকার
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক উচ্চ পর্যায়ের এক বৈঠকে যোগ দিতে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্টের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন অ্যাডভোকেট রোখসানা খন্দকার।
মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠকে বক্তৃতা দেবেন খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রোখসানা।
সারাবিশ্ব থেকে চারজনকে বাছাই করে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশি রোখসানা ছাড়া অন্য তিনজন এসেছেন যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও মরক্কো থেকে।
স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান খান ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত রোখসানা বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলেনিয়াম ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
সুপ্রিম কোর্টের আইনজীবী রোখসানা আমেরিকান ল অ্যান্ড সোসাইটি অ্যাসোসিয়েশনের সদস্য।
ছাত্রজীবনে মানবাধিকার কর্মী হিসেবে নাম লেখানো রোখসানা গত ৪০ বছর ধরে নানা ধরনের সামাজিক কার্যক্রমে নিজেকে জড়িয়ে রেখেছেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাব, রাজনীতিতে নারীর ক্ষমতায়নের পক্ষে সরব রোখসানা প্যারিসে জলবায়ু সম্মেলনসহ বিদেশে নানা সম্মেলনে অংশ নিয়েছেন।
