আশকোনায় নিহত দুই জঙ্গির লাশ দাফন
ঢাকার আশকোনার জঙ্গি আস্তানায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত দুজনের লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে।
রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা লাশ দুটি শাকিরা ওরফে তাহিরা (৩৫ এবং আফিফ কাদেরীর (১৪)।
গত বছরের ২৪ ডিসেম্বর আশকোনায় ‘সূর্য ভিলা’ নামে একটি বাড়িতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে এ দুজনের মৃত্যু হয়।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুরে শাকিরা ও আফিফের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে ‘আঞ্জুমান মুফিদুল ইসলাম’ এর প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
দীর্ঘদিন অপেক্ষার পর কোনো দাবিদার না থাকায় আঞ্জুমানকে লাশ দুটি দাফনের জন্য দেওয়া হয় বলে তিনি জানান।
আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ দুটি বুঝে নেওয়ার পর দুপুরেই জুরাইন কবরস্থানে ইসলামী রীতি অনুযায়ী দাফন করা হয়।
আফিফ আজিমপুর অভিযানে নিহত জঙ্গি তানভীর কাদেরীর যমজ দুই ছেলের একজন এবং তাহিরা পলাতক জঙ্গি রাশেদুর রহমান সুমনের স্ত্রী বলে এর আগে পুলিশ জানিয়েছে।
‘সূর্য ভিলা’ নামে আশকোনার ওই ভবন ঘিরে অভিযানের এক পর্যায়ে পলাতক জঙ্গি রাশেদুর রহমান সুমনের স্ত্রী শাকিরা ওরফে তাহিরা (৩৫) এক শিশুকে নিয়ে বেরিয়ে এসে কোমরে বাঁধা গ্রেনেড ফাটিয়ে আত্মঘাতী হন। আর অভিযান শেষে ওই বাসার ভেতরে আফিফের লাশ পাওয়া যায় বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।
আফিফের বাবা তানভীর কাদেরী তামিম চৌধুরী নিহত হওয়ার পর নব্য জেএমবির সমন্বয়কের দায়িত্ব নিতে যাচ্ছিলেন।‘আব্দুল করিম’ ও ‘শমসেদ’ নামে সংগঠনে পরিচিত ছিলেন তিনি।
গত ১০ সেপ্টেম্বর আজিমপুরের একটি বাড়িতে পুলিশি অভিযানের সময় টিকতে না পেরে তানভীর আত্মহত্যা করেন বলে পুলিশের ভাষ্য।
তানভীর-ফাতেমা দম্পতির জমজ ছেলেদের একজনকে আজিমপুরের ওই অভিযানের সময় আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়।
