জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ২ সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযাচ চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিকালে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন- আব্দুর রহমান ওরফে সোহেল (২৫) এবং মো. ফয়সাল আহমেদ (৪৪)।
এদের মধ্যে সোহেল বিভিন্ন মামলার পলাতক আসামি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং কুমিল্লা থেকে জঙ্গির সংশ্লিষ্টতার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়। তারা বর্তমানে রিমান্ডে রয়েছে।
রিমান্ডে থাকাবস্থায় তাদের দেওয়া তথ্যে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় র্যাব-১১ অভিযান চালিয়ে সোহেল এবং ফয়সালকে গ্রেপ্তার করে।
আগের আটজনের মতো গ্রেপ্তার এই দুজনও নারায়ণগঞ্জে নিহত তামিম চৌধুরী এবং আশুলিয়ায় নিহত সারোয়ার গ্রুপের সক্রিয় সদস্য জানিয়ে র্যাব বলছে, গ্রেপ্তাররা ফেইসবুকসহ বিভিন্ন অ্যাপস ব্যবহার করে সদস্য সংগ্রহ ছাড়াও তাদের মতাদর্শ প্রচার করে আসছিল।
