রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদসহ ৩ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ
রাজউকের ডিটেইল এরিয়া প্ল্যানের (ডেপ) আওতাভুক্ত জমিকে আওতামুক্ত দেখিয়ে ভবন নির্মাণের অনুমোদন দেওয়াসহ কয়েকটি অভিযোগ অনুসন্ধানে সংস্থাটির প্রধান নগর পরিকল্পনাবিদসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম ছাড়াও নগর পরিকল্পনাবিদ আশরাফুল আলী আকন্দ ও রাজউক ৫ নম্বর অঞ্চলের অথরাইজড অফিসার এ জেড এম শফিউল হান্নানকে জিজ্ঞাসাবাদ করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় দুদক প্রধান কাযালয়ে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়; দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুদকের উপ-পরিচালক মো. হেলালউদ্দীন শরীফের নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে বলে কমিশনের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান।
জিজ্ঞাসাবাদকারী দলের বাকি দুই সদস্য হলেন, দুদকের উপ-সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস ও রাফি মো. নাজমুস সাদাত।
তিন রাজউক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে এক দুদক কর্মকর্তা জানান, রাজধানীর ড্যাপ চিহ্নিত একাধিক জমি টাকার বিনিময়ে সাধারণ জমি হিসেবে ছাড়পত্র প্রদান, বাণিজ্যিক এলাকায় আবাসিক ভবন এবং আবাসিক এলাকায় বাণিজ্যিক ভবনের অনুমোদন দেন তারা।
এছাড়া ফার্মগেইটের ইন্দিরা রোড এলাকায় মৃত ব্যক্তির নামে ১০ তলা আবাসিক ভবন নির্মাণে নকশা অনুমোদনের অভিযোগ রয়েছে রাজউকের ওই কর্মকর্তাদের বিরুদ্ধে।
