পোস্টার আইনে বনানীতে বিশ্বরঙ সিলগালা
নির্দেশের পরও অবৈধভাবে লাগানোর পোস্টার না সরানোয় রাজধানীর বনানীতে ফ্যাশন হাউস বিশ্বরঙের বিক্রয় কেন্দ্র বন্ধ করে দিয়েছে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে বনানী ১১ নম্বর সড়কে বিশ্বরঙের বিক্রয় কেন্দ্রটি সিলগালা করে দেওয়া হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী হাকিম সাজিদ আনোয়ার এই আদালত পরিচালনা করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর আগে ১২ এই প্রতিষ্ঠানকে ৪৮ ঘণ্টার মধ্যে ডিএনসিসি এলাকার বিভিন্ন রাস্তার পাশের দেয়াল থেকে বিজ্ঞাপন হিসেবে দেওয়া পোস্টার অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল।
“কিন্তু প্রতিষ্ঠানটি (বিশবরঙ) ভ্রাম্যমাণ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রায় প্রতিটি সড়কের পাশের দেয়ালে পোস্টার সাঁটায়। নির্দেশ অমান্য করায় তাদের প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।”
‘দেয়াল লিখন ও পোস্টার (নিয়ন্ত্রণ) আইন ২০১২’ এর আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান নির্বাহী হাকিম।
এদিন ১১ নম্বর সড়কের ‘ফ্লোর ৬’ রেস্তোরাঁকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গুলশান ১ নম্বরের ‘বুলস এন্ড বাজারস’ রেস্তোরাঁকে ৫০ হাজার, পিঠাঘরকে ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
গুলশান এভিনিউয়ে অবৈধভাবে গাড়ি রাখায় এক চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিন ফার্মগেট, ইন্দিরা রোড, গ্রিনরোড ও কারওয়ান বাজার এলাকায় অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ফুটপাত দখল করে গড়ে তোলা প্রায় ৫০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। বিভিন্ন অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
দেয়াল লিখনের অপরাধে ফার্মগেটের আইকন প্লাস, স্কলারস, প্যারাগন, কনফিডেন্স ও শুদ্ধ বিসিএস প্রোগ্রাম কোচিং সেন্টার এবং ইন্দিরা রোডের সাইফুরস কোচিং সেন্টার, গ্লোবাল আইটি ল্যাংগুয়েজকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমান বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তোলার জন্যই এ অভিযান চালাচ্ছেন তারা।
“এসব পোস্টার, বিলবোর্ড দৃষ্টিদূষণ করছে। আমরা বিভিন্ন সময় তাদের আহ্বান জানিয়েছিলাম এসব পোস্টার বিলবোর্ড সরিয়ে ফেলার জন্য। অনেকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। অনেকে সিটি করপোরেশনের নির্দেশ মানেননি। এজন্য যতদিন পর্যন্ত পরিস্থিতি উন্নতি না হবে ততদিন আমাদের অভিযান চলবে।”
