২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার ভারত সফর ‘বর্ণময়’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ১১টি চুক্তি ও ২৪টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা মন্ত্রিসভাকে জানিয়ে এই সফরকে বর্ণময় অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2017, 05:50 PM

Updated : 19 Aug 2022, 04:22 PM

গত ৭ থেকে ১০ এপ্রিল প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার মন্ত্রিসভাকে অবহিত করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর ছিল অনেক কালারফুল এবং অনেক গুরুত্বপূর্ণ। এখানে প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি ভবনে আতিথিয়তা গ্রহণ করেন, রাষ্ট্রপতি ভবনে অবস্থান করাটা পৃথিবীর খুবই কম সংখ্যক বিদেশি সরকার প্রধান এই সুযোগটা পেয়ে থাকেন, এই সম্মানটা দেওয়া হয়।”

একান্ত বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও দেশ পরিচালনায় ভূয়সী প্রশংসা করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

শফিউল বলেন, বৈঠকে অভিন্ন নদীর পানি বণ্টন, পদ্মা বা গঙ্গা ব্যারেজ নির্মাণ, নদীর অববাহিকাভিত্তিক পানিসম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত সুরক্ষা, নিরাপত্তা সহযোগিতা, আন্তঃযোগাযোগ তথা কানেকটিভি, জনযোগাযোগ, দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্প্রসারণ, উপ-আঞ্চলিক সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানিখাতে সহযোগিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Image
নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনা

নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনা

২৫ মার্চ বাংলাদেশ ‘গণহত্যা দিবস’ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালনের যে সিদ্ধান্ত নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী তাতে সমর্থন দিতে সম্মতি জানিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, “ভারত সাড়ে চার বিলিয়ন মার্কিন ডলার নমনীয় ঋণের ঘোষণা দিয়েছে যার মাধ্যমে ১৭টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এছাড়া সামরিকখাতে ৫০০ মিলিয়ন ডলার নমনীয় ঋণ দিতে প্রতিশ্রুতি দিয়েছে ভারত।”

সফরের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে দিল্লির পার্ক স্ট্রিটের বঙ্গবন্ধু শেখ মুজিব রোড নামকরণ এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচনের কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।

খুলনা-কলকাতা রুটে যাত্রীবাহী রেল ও বাস চলাচল এবং দিনাজপুরের বিরল ও ভারতের রাধিকাপুরের মধ্যে পণ্যবাহী রেল চলাচলের উদ্বোধনের বিষয়টিও মন্ত্রিসভাকে জানানো হয়।

মুক্তিযুদ্ধে শহীদ এক হাজার ৬৬১ জন ভারতীয় সৈন্যকে সম্মাননা দেওয়ার বিষয়টিও বলেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, ভারত সরকার বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সহায়তার জন্য ১০ হাজার মুক্তিযোদ্ধার সন্তানকে শিক্ষাবৃত্তি দেবে, মুক্তিযোদ্ধাদের ৫ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে। প্রতি বছর ১০০ জন মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহযোগিতা দেবে।

প্রধানমন্ত্রীর ভারত সফরে সেই দেশের বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক ছাড়াও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়বস্তুও মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে বলে শফিউল আলম জানিয়েছেন।

দুই চুক্তির খসড়া অনুমোদন

বাংলাদেশ ও ওমানের মধ্যে দ্বিপক্ষীয় পুঁজি বিনিয়োগ উন্নয়ন ও সংরক্ষণ চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Image
মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বে শেখ হাসিনা

মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বে শেখ হাসিনা

শফিউল আলম বলেন, “এই চুক্তি হলে উভয় দেশের মধ্যে শিল্প উদ্যোক্তাদের মধ্যে বিনিয়োগের সুযোগ তৈরি হবে, বিনিয়োগের প্রভাব বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং প্রযুক্তি হস্তান্তরের সুযোগ সৃষ্টি হবে।”

এছাড়া বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরের জন্য সাংস্কৃতিক চুক্তির আরেকটি খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর ভুটান সফরে এই চুক্তি হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “দুই দেশের মধ্যে সাংস্কৃতি আদান-প্রদান হবে, অন্যান্য চুক্তির মতই এই চুক্তি গতানুগতিক।”

পাঁচ বছরের জন্য এই চুক্তি হবে জানিয়ে শফিউল বলেন, তবে দুই পক্ষ চাইলে পরবর্তী ৫ বছরের জন্য চুক্তি নবায়ন করতে পারবে।

মুজিবনগর দিবসে জাতিকে মন্ত্রিসভার অভিনন্দন

১৭ এপ্রিল মুজিবনগর দিবসে জাতিকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

শফিউল আলম বলেন, “যেহেতু এটা একটি ঐতিহাসিক দিবস, আজকের এই দিনে প্রথম বাংলাদেশ সরকার মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।

“সেজন্য মন্ত্রিসভা সবাইকে অভিনন্দন জানায় এবং ওই সময়ে যারা নেতৃস্থানীয় ছিলেন যেমন- মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ সবাইকে স্মরণ করা হয়।”

পুরনো খবর:

ভারত সফরে ‘তৃপ্ত’ প্রধানমন্ত্রী
হাসিনা ভারতকে সব দিয়ে ফিরেছেন খালি হাতে: খালেদা