২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিছু নেতার বক্তব্যে উৎসাহিত হবে জঙ্গিবাদ: আইজিপি

জঙ্গিবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন তুলে কিছু রাজনৈতিক নেতার দেওয়া বক্তব্য জঙ্গিবাদকে উৎসাহিত করবে বলে মনে করেন পুলিশের মহাপরিদর্শক একে এম শহীদুল হক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2017, 02:55 PM

Updated : 11 Apr 2022, 11:24 PM

রোববার সিলেটে জঙ্গিবিরোধী অভিযানে নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারকে সম্মাননা ও আর্থিক অনুদান দেওয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শহীদুল হক বলেন, “সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক নেতার দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। বাংলাদেশ পুলিশের বীর সদস্যেদের জঙ্গিবিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করার এ জাতীয় অপপ্রয়াস বাংলাদেশ পুলিশ এবং দেশবাসী দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখান করছে।

“বুঝে বা না বুঝে দায়িত্বশীল ব্যক্তি বা সংগঠনের এ জাতীয় বক্তব্য জঙ্গিবাদকেই উৎসাহিত করবে।”

দায়িত্বজ্ঞানহীন, মনগড়া, অলীক ও অসত্য বক্তব্য না দিতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, “কারো সন্দেহ থাকলে সরাসরি আমাদের কাছে আসতে পারেন।”

২৫ মার্চ জঙ্গি অভিযান পরিচালনাকালে বোমা বিস্ফোরণে পুলিশ পরিদর্শক চৌধুরী মোহাম্মদ আবু কয়ছর ও মোহাম্মদ মনিরুল ইসলামসহ সাতজন নিহত হন।

পুলিশ সদরদপ্তরে এ অনুষ্ঠানে দুই কর্মকর্তার পরিবারকে মোট ৪৮ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে অবু কয়ছরের স্ত্রী ছায়রা ফারহানা চৌধুরী লোপার হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ও নগদ ৪ লাখ টাকা; মোহাম্মদ মনিরুল ইসলামের স্ত্রী পারভীন আক্তারের হাতে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র ও নগদ দুই লাখ টাকা এবং মনিরুলের মা ফিরোজা খাতুনের হাতেও ১০ লাখ টাকার সঞ্চয়পত্র ও নগদ দুই লাখ টাকা তুলে দেন পুলিশ প্রধান।

অতিরিক্ত আইজিপি মো. মইনুর রহমান চৌধুরী এবং সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া এসময় উপস্থিত ছিলেন।