২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ভারতের সংবিধান প্রণেতা ‘বাবা সাহেব’ আম্বেদকরকে স্মরণ

বাবা সাহেব নামে পরিচিত ভারতের সংবিধান প্রণেতা ভিমরাও রামজি আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার এক আলোচনা সভায় তাকে স্মরণ করেছে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2017, 11:27 PM

Updated : 19 Aug 2022, 04:21 PM

শনিবার সন্ধ্যায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে আম্বেদকরের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় হাই কমিশনের সঙ্গে যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে অংশ নিয়ে বক্তারা বলছেন, আম্বেদকর কেবল একজন সংবিধান প্রণেতাই নন, তিনি ছিলেন সমাজ সংস্কারক, রাজনীতিক, দার্শনিক, চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ, অর্থনীতিবিদ এবং আধুনিক রাষ্ট্রবিপ্লবী। মেধা ও কর্মনিষ্ঠা দিয়ে ভারতীয় সমাজের রূপান্তর ঘটিয়েছিলেন তিনি। ফলে অনেকেই তাকে আধুনিক ভারতের জনকও বলে থাকেন।

বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ সমিতির সভাপতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে সভায় সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ভারতীয় দূতাবাসের প্রতিনিধি অরুন্ধুতী দাস ও সমিতির সাধারণ সম্পাদক সুবীর কুশারী বক্তব্য দেন।

অনুষ্ঠানে ভারতীয় সংবিধান প্রণেতার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন, “ড. আম্বেদকার সাম্য, স্বাধীনতা, ন্যায়বিচার, ধর্মীয় বিভেদ, শ্রেণি বৈষম্য দূর করতে কাজ করে গেছেন। ভারত তাকে প্রধান নাগরিকের স্বীকৃতি দিয়েছে। পৃথিবীতে এমন বহুমাত্রিক কর্মনিষ্ঠ মানুষ আমি কম দেখেছি।

“ভারতের সামাজিক বিন্যাস বিবেচনায় আম্বেদকর ছিলেন একেবারে নিম্নবর্গ থেকে উঠে আসা মানুষ। অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় বৈষম্য-বিদ্বেষের সঙ্গে শৈশব থেকেই তাকে লড়াই করতে হয়েছে। জীবনের এক পর্যায়ে তিনি সাম্যবাদী চিন্তা থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেও মার্কসীয় দর্শনকেই তিনি পাথেয় করেছিলেন।”

ড. ভিমরাও রামজি আম্বেদকর স্বাধীন ভারতের সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি ১৮৯১ সালের ১৪ এপ্রিল ভারতের গরীব ‘মহর’ পরিবারে (তখন অস্পৃশ্য জাতি হিসেবে গণ্য হত) জন্মগ্রহণ করেন।

ভারতীয় ব্যবহারশাস্ত্রজ্ঞ (জ্যুরিস্ট), রাজনৈতিক নেতা, বৌদ্ধ আন্দোলনকারী, দার্শনিক, চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক, বাগ্মী, লেখক, অর্থনীতিবিদ, পণ্ডিত, সম্পাদক, রাষ্ট্রবিপ্লবী ও বৌদ্ধ পুনর্জাগরণবাদীসহ বিভিন্ন ভূমিকায় কাজ করা আম্বেদকর ‘বাবাসাহেব’ নামেও পরিচিত ছিলেন।

ভারতের প্রথম আইনমন্ত্রী ও ভারতের সংবিধানের খসড়া কার্যনির্বাহক সমিতির সভাপতির দায়িত্ব পালন করা ড. আম্বেদকর ভারতীয় জাতীয়তাবাদী এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা। ভারতের সংবিধানের মুখ্য স্থাপক। ২০১২ সালে হিস্ট্রি টিভি ১৮ আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ভারতীয়দের ভোটে তিনি ‘শ্রেষ্ঠ ভারতীয়’ও নির্বাচিত হন।

দুই দেশের জাতীয় সঙ্গীত ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে ঢাকায় আম্বেদকর স্মরণ অনুষ্ঠান শুরু হয়।

আলোচনায় ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি অরুন্ধুতী দাস বলেন, “ড. আম্বেদকর শুধু ভারতের সংবিধানের প্রধান প্রণেতাই ছিলেন না, একইসঙ্গে তিনি ছিলেন অর্থনীতি ও সমাজ সংস্কারক। বিশেষ করে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে তিনি সবসময়ই সক্রিয় ছিলেন।

“সামাজিক-অর্থনৈতিক ও শ্রেণিগত বৈষম্য দূর করতে তিনি শুধু বুদ্ধিবৃত্তিক অবদানই রেখেছেন, তা নয়। সবরকম আন্দোলনে সক্রিয় ভূমিকাও রেখেছেন সমানভাবে।”

ড. আম্বেদকরকে আধুনিক ভারতের জনক অভিহিত করে তিনি বলেন, “লিঙ্গ বৈষম্য দূর করতেও আম্বেদকর ভূমিকা রেখেছেন। তার ভাষায় রাষ্ট্র-সমাজ থেকে লিঙ্গ বৈষম্য দূর না হলে, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করা যাবে না।”

সুবীর কুশারী বলেন, “আজকের পৃথিবীতে বিচ্ছিন্ন দ্বীপ হয়ে কোনো দেশ টিকে থাকতে পারে না। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক অনেক পুরনো ও সুদৃঢ়। তবে এই সম্পর্কের মাঝে কিছু অন্যায্যতা থাকলে থাকতে পারে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিস্তা চুক্তি না হওয়ায় হতাশা প্রকাশ করে সুবীর বলেন, “এটা কেন হয়নি বা কার জন্য হয়নি, আপনারা সেটা গণমাধ্যমের খবরে দেখেছেন। তবে তিস্তার পানি কেউ আটকে রাখতে পারবে না। ভাটির দেশ হিসেবে বাংলাদেশ তিস্তার পানির ন্যায্য হিস্যা পাবেই।”

আলোচনায় অন্যদের মধ্যে সাবেক রাষ্ট্রদূত শমসের মুবিন চৌধুরী, সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ সমিতি ও ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।