মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থায়ী ভবনে ‘শিখা চির-অম্লান’
রাজধানীর সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রজ্বলিত ‘শিখা চির-অম্লান’ আগারগাঁওয়ের নতুন স্থায়ী ভবনে ঠাঁই পেয়েছে।
শনিবার ভোর সাড়ে ৬টায় মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের চতুর্থ প্রজন্মের সদস্যরা ‘শিখা চির-অম্লান’ থেকে অগ্নি মশাল জ্বালিয়ে অভিযাত্রী দলের হাতে তুলে দেন।
পর্বতারোহী নিশাত মজুমদারের নেতৃত্বে অভিযাত্রী দল মশালটি বয়ে নিয়ে যান আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ যাদুঘরের নতুন ভবনে। পথে কেন্দ্রীয় শহীদ মিনার, স্বাধীনতা স্তম্ভ, বঙ্গবন্ধু জাদুঘর, কলেজ গেইটের মুক্তিযোদ্ধা টাওয়ার-১ ঘুরে যায় অগ্নিমশাল।
অগ্নিমশালটি কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছালে মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সেখানে যোগ দেন প্রবীণ আইনজীবী রফিক-উল হক, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
সংক্ষিপ্ত পর্ব শেষে অগ্নিমশাল নিয়ে অভিযাত্রী দল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গেলে কে এম সফিউল্লাহর নেতৃত্বে সেক্টর কমান্ডার্স ফোরামের নেতারা যোগ দেন।
এক মিনিট নীরবতা পালন শেষে কে এম সফিউল্লাহ বলেন, “এই মুক্তিযুদ্ধ জাদুঘর একাত্তরের প্রতিনিধিত্ব করে। মুক্তিযোদ্ধাদের ব্যবহার্য দুর্লভ সব সংগ্রহ এখানে নতুনভাবে সংযুক্ত হতে যাচ্ছে, যা নতুন প্রজন্মের কাছে আমাদের মুক্তিযুদ্ধকে আরও বিস্তৃতভাবে তুলে ধরবে। তারা মুক্তিযুদ্ধকে আরও ভালোভাবে জানতে পারবে।”
এর পর ‘শিখা চির-অম্লান’ নিয়ে অভিযাত্রী দল চলে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে। সেখানে সকাল সাড়ে ৮টায় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকের উপস্থিতিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।
সেখান থেকে মশাল নিয়ে মোহাম্মদপুরের কলেজ গেটে অবস্থিত মুক্তিযোদ্ধা টাওয়ার-১ এ পৌঁছে অভিযাত্রী দল যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
৮ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা আতিকুর রহমান, ২ নং সেক্টরের তারা মিয়া, ফরিদ মিয়া ও হানিফ সরকার; ৬ নং সেক্টরের জি এম জুলফিকার, ৭ নং সেক্টরের অনিল কুমার রায় এবং ২ নং সেক্টরের বিশেষ বাহিনীর সদস্য বীরবিক্রম মো. গোলাম মোস্তফা এসময় উপস্থিত ছিলেন।
১৯৯৬ সালে ২২ মার্চ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘শিখা চির অম্লান’ স্থাপিত হয়েছিল শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক রাশিদুল হাসানের ছয় বছর বয়সী নাতনি অর্চি হাসানের হাত ধরে। বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের শিক্ষক অর্চি এখন পিএইডি করছেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ে।
ওই ২১ বছর আগের ওই দিনের স্মৃতিচারণ করে অর্চি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিযুদ্ধ জাদুঘরে শিখা চির-অম্লান স্থাপনের দিনে খুব বৃষ্টি হচ্ছিল। খুব মনে পড়ে। সেদিনের পর থেকে জাদুঘরের সব বড় আয়োজনের কার্ড যেত আমার নামে। আমার কী গর্ব হত!”
মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবন উদ্বোধনের ডাক তিনিও পেয়েছেন। শনিবার তার হাত ধরেই শনিবার শিখা চির-অম্লান থেকে জ্বালানো মশাল নতুন মুক্তিযুদ্ধ জাদুঘরে আসে।
সেখানে মুক্তিযোদ্ধা আলী আসগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এত কম সময়ে এত বড় পরিসরে মুক্তিযুদ্ধ জাদুঘরটি নতুন রূপ পাবে, তা সত্যিই অকল্পনীয়। এখন আমাদের কাজ হল, প্রত্যন্ত এলাকা থেকে স্মৃতিস্মারকগুলো নিয়ে আসতে হবে। আরও কাজ করার রয়েছে। আরও গভীরে যেতে হবে আমাদের।”
কী আছে নতুন মুক্তিযুদ্ধ জাদুঘরে
পাকিস্তানি হানাদারদের হত্যা, পাশবিক নির্যাতন, ধ্বংসযজ্ঞ, লুণ্ঠনের চিহ্ন ছড়িয়ে আছে সারা বাংলায়। তার বিপরীতে বাঙালির সংগ্রাম, প্রতিরোধ, যুদ্ধের স্মৃতিও অম্লান হয়ে আছে। মুক্তিযুদ্ধের এমনই হাজারও নিদর্শন, আলোকচিত্র, চিঠিপত্র, ডকুমেন্ট, বিভিন্ন দলিল, স্মৃতিচিহ্ন, স্মৃতিস্মারক নিয়ে গড়ে উঠেছে নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘর।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি আন্তর্জাতিক মানের জাদুঘরের প্রায় সব অনুষঙ্গ নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে জাদুঘরটি। এ জাদুঘরে মুক্তিযুদ্ধের প্রায় ২৫ হাজার স্মৃতিস্মারক রয়েছে, যা এখনও পর্যন্ত সর্বাধিক। এসব স্মৃতিস্মারকের মধ্যে দেড় হাজার স্মারক চারটি গ্যালারিতে স্থায়ীভাবে প্রদর্শিত হবে।
দশমকি ৯ একর জায়গার ওপর নির্মিত এ জাদুঘরে ৩টি বেজমেন্ট ও ৫টি ফ্লোর রয়েছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার ব্রোঞ্জের ম্যুরাল নির্মাণ করা হয়েছে।
দুটি অস্থায়ী গ্যালারিও থাকছে জাদুঘরে, যার একটিতে কোনো গ্যালারিতে স্থান না পাওয়া স্মৃতিস্মারক রাখা হবে। আরেকটিতে থাকবে পৃথিবীর নানা দেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস।
নতুন যাদুঘরে থাকছে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের নানা বিষয়ে জানতে, আলোচনা করতে ইন্টারঅ্যাকটিভ স্পেস, ক্যাফেটেরিয়া এবং তার পাশে টেরাস, সামনের খালি জায়গায় ওপেন এয়ারথিয়েটার, দুটি সেমিনার কক্ষ ও ২৫০ আসনের একটি অডিটোরিয়াম।
তারিক আলী বলেন, “নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘরের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে চারটি স্থায়ী গ্যালারি। প্রথম গ্যালারিটির নাম ‘আওয়ার হেরিটেজ’ বা আমাদের ঐতিহ্য। স্বাধীন বাংলাদেশের জন্মের আগের বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের কথা বলবে এ গ্যালারিটি। এ গ্যালারিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের অংশটিকে আলাদাভাবে ফুটিয়ে তোলা হবে। দ্বিতীয় গ্যালারিটির নামকরণ করা হয়েছে ‘আওয়ার রাইট’ বা আমাদের অধিকার।”
১৯৭০ সালের নির্বাচনের পর থেকে বাঙালির ওপর পাকিস্তানিদের নিপীড়ন, ধ্বংসযজ্ঞ, বিতাড়ন চলেছে তার ঐতিহাসিক নানা উপকরণ; ৩ জানুয়ারি ১৯৭১ থেকে ২৫ মার্চের কাল রাত পর্যন্ত নানা বিষয় স্থান পাবে সেখানে। ২৫ মার্চ কালরাতের বিভীষিকা একটি টানেলের মধ্য দিয়ে প্রকাশ করা হবে।
এ গ্যালারিতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা প্রদানের সব দলিল রয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তার নানা প্রমাণ এখানে সন্নিবেশিত হয়েছে।
চতুর্থ গ্যালারির নামকরণ করা হয়েছে ‘আওয়ার ভিক্টোরি’ বা আমাদের বিজয়- এতে চূড়ান্ত বিজয় পর্যন্ত নানা সময়ের স্মৃতিবিজড়িত উপাখ্যান ওঠে আসবে।
সেগুনবাগিচার একটি পুরনো বাড়িতে মুক্তিযুদ্ধ জাদুঘরের যাত্রা শুরু হয়েছিল ১৯৯৬ সালের ২২ মার্চ। সেগুনবাগিচার ভবন ঘিরে পল্লবিত হয়েছে বহু কর্মকাণ্ড; বিভিন্নজনের অবদানে পুষ্ট হয়েছে সংগ্রহ এবং দেশ-বিদেশের দর্শনার্থী এই জাদুঘর দেখার স্মৃতি অন্তরে গেঁথে নিয়েছেন।
সঙ্গত কারণেই পরিসর বাড়াতে সর্বজনের সহায়তায় আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে নতুন এই স্থায়ী ভবন গড়ে উঠেছে, যেটি রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।
