২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন যাত্রার পথে শেষ হল মুক্তিযুদ্ধ জাদুঘরের সেগুন বাগিচা অধ্যায়

রাজধানীর সেগুন বাগিচায় গত ২১ বছর মুক্তিযুদ্ধ জাদুঘরের কার্যক্রম চলার পর বুধবার সেখানকার দ্বার বন্ধ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2017, 01:10 AM

Updated : 19 Aug 2022, 04:21 PM

আগামী ১৬ এপ্রিল আগারগাঁওয়ে নিজস্ব ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে শুরু হবে মুক্তিযুদ্ধস জাদুঘরের নতুন যাত্রা।

সেগুনবাগিচায় ভাড়া বাড়িতে বুধবার শেষ দিনে ‘সকৃতজ্ঞ স্মরণ সভা’র আয়োজন করা হয়।

১৯৯৬ সালের ২২ মার্চ যে আটজন ট্রাস্টির হাত ধরে সেগুনবাগিচায় যাত্রা শুরু করে মুক্তিযুদ্ধ জাদুঘর, সমাপনী দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার ছয় জন।

তারা হলেন ডা. সারওয়ার আলী, কবি স্থপতি রবিউল হুসাইন, সদস্য সচিব জিয়াউদ্দিন তারিক আলী, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, মফিদুল হক ও আক্কু চৌধুরী। দুই ট্রাস্টি আলী যাকের ও সারা যাকের অনুষ্ঠানে ছিলেন না।

Image
সেগুন বাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর

সেগুন বাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর

জাদুঘর গঠনের পেছনে মুক্তিযোদ্ধা বিভিন্ন পরিবারের অবদানের কথা স্মরণ করে আসাদুজ্জামান নূর বলেন, “তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের অঙ্গীকার ও ভালবাসা রয়েছে। সেই নিয়ে তারা মুক্তিযুদ্ধ জাদুঘরের সঙ্গে কাজ করছে। এই জাদুঘর নিয়ে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম এই জাদুঘরকে ধারণ করবে।”

সাম্প্রদায়িক শক্তির শক্তির উত্থান ঠেকাতে মুক্তিযুদ্ধ জাদুঘর আগামীতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন এই সংস্কৃতিকর্মী।

মফিদুল হক বলেন, “আজকের অনুষ্ঠান সবার মধ্যে আবেগমথিত। অনেক স্মৃতি রয়েছে এ জাদুঘরকে ঘিরে। এই বাড়িতে আমাদের হৃদয়ের এক সংযোগ ঘটেছে। সবাইকে নিয়ে এখানে আমাদের যে অভিযাত্রা শুরু হয়েছিল, ১৬ এপ্রিল নতুন জায়গায় নতুন করে তার প্রকাশ ঘটবে এটাও আমাদের আনন্দের।”

সেগুন বাগিচার বাড়িটির মালিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারিক আলী বলেন, “যখন কেউ মুক্তিযুদ্ধের কথা উচ্চারণ করতেন না, তেমন সময় তিনি আমাদের এই বাড়িতে আশ্রয় দিয়েছেন। গত ২১ বছর বাড়িটি যথেচ্ছ ব্যবহারের অনুমতিও দিয়েছেন।”

Image
আগারগাঁওয়ের নতুন ভবন

আগারগাঁওয়ের নতুন ভবন

রবিউল হুসাইন বলেন, “আমাদের এই ক্ষুদ্র জায়গায় বাংলাদেশের ইতিহাসকে তুলে ধরা হয়েছে। নতুন জায়গায় নবরূপে নতুন প্রজন্মের কাছে তা প্রতিভাত হবে। তারাই এ জাদুঘরকে ধরে রাখবে।”

“মুক্তিযুদ্ধ যেমন সত্য, এই জাদুঘরও তেমন সত্য। যতদিন মুক্তিযুদ্ধের স্মৃতি থাকবে, ততদিন এ জাদুঘর থাকবে,” বলেন আক্কু চৌধুরী।

জাদুঘরের অনুষ্ঠান সমন্বয়কারী রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে ট্রাস্টি ছাড়াও জাদুঘরের কর্মী ও স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীরা স্মৃতিচারণ করেন।

কর্মী আমেনা খাতুন বলেন, “আমি এখানে যখন আসি তখন নিতান্তই ছাত্রী। শহীদ মিনারে আবৃত্তি শেষে এখানে এসেছিলাম। এর পর এই যে ২১টি বছর পার হয়ে গেলো, এখানেই পার করে দিলাম।

“আমি এখানে আসি আমার বাবাকে খুঁজতে। হাজারও মুক্তিযোদ্ধাদের স্মারকের মাঝ থেকে বাবার স্মৃতিকে খুঁজে নিতে আসি। কারণ, আমার বাবার একটা ছবিও আমার কাছে নেই। মুক্তিযুদ্ধ জাদুঘর আমার কাছে এমনই এক আবেগের নাম।”