২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দুই মামলায় আদালতে খালেদা

জিয়া দাতব্য ট্রাস্ট ও এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2017, 10:44 AM

Updated : 19 Aug 2022, 04:21 PM

তার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, বৃহস্পতিবার ১০টা ১০ মিনিট খালেদা জিয়া তার গুলশানের বাসা থেকে রওনা হয়ে সোয়া ১১টার দিকে পুরান ঢাকার বকশিবাজারে আদালত এলাকায় পৌঁছান।

বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতের এজলাসে এ দুই মামলার কার্যক্রম চলছে।

সোয়া পাঁচ কোটি টাকা দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা দুই মামলাই বর্তমানে খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের পর্যায়ে রয়েছে।   

খালেদা আদালতে পৌঁছানোর পর শুরুতে জিয়া দাতব্য ট্রাস্ট মামলার শুনানি শুরু হয়। তার পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।

জিয়া দাতব্য ট্রাস্ট মামলার বিচার চলছে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের এজলাসে।

আর জ্যেষ্ঠ বিশেষ জজ (মহানগর দায়রা জজ) মো. কামরুল হোসেন মোল্লা এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার করছেন।

দুটি মামলাই আগে আবু আহমেদ জমাদারের আদালতে বিচারাধীন থাকলেও খালেদা এতিমখানা মামলায় বিচারকের প্রতি অনাস্থা প্রকাশ করায় গত ৮ মার্চ হাই কোর্ট বিচারক বদলে দেন।

জিয়া দাতব্য ট্রাস্ট মামলা

জিয়া দাতব্য ট্রাস্টের নামে আসা তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

খালেদা জিয়া ছাড়া অভিযুক্ত অপর আসামিরা হলেন- বিগত চারদলীয় জোট সরকার আমলে খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তৎকালীন একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদ ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চার জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। পরের বছরের ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরু হয়।

এ মামলায় মোট ৩২ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। আসামিদের মধ্যে জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম আত্মপক্ষ সমর্থন করে আদালতে লিখিত বক্তব্য জমা দিয়েছেন। হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক।

আর প্রধান আসামি খালেদা জিয়া গত ১ ডিসেম্বর আত্মপক্ষ সমর্থনে নিজের বক্তব্য উপস্থাপন শুরু করেন। ট্রাস্টের তিন কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের এ মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে সুবিচার চান তিনি।

কিন্তু এরপর তার আইনজীবীরা দফায় দফায় সময় নেওয়ায় তার আত্মপক্ষ সমর্থনের বাকি বক্তব্য এখনও আদালতের শোনা হয়নি।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলা

এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে জিয়া এতিমখানা ট্রাস্ট মামলা দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে দুদক ২০০৯ সালের ৫ অগাস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে।

তার পাঁচ বছর পর ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায় অভিযোগ গঠন করে খালেদাসহ ছয় আসামির বিচার শুরুর নির্দেশ দেন।

আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ জামিনে আছেন। খালেদার বড় ছেলে তারেক রহমান আছেন দেশের বাইরে।

এছাড়া সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক।

এ মামলায় আসামির আত্মপক্ষ শুনানি পর্যায়ে খালেদার পুনঃতদন্তের আবেদন আদালত নাকচ করলে গত ২ ফেব্রুয়ারি তিনি বিচারকের প্রতি অনাস্থা জানান।

খালেদা জিয়ার অনাস্থার আবেদনে ৮ মার্চ হাই কোর্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজকে (মহানগর দায়রা জজ) মামলাটির বিচারের দায়িত্ব দিয়ে ৬০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন।

পুরনো খবর:

এতিমখানা দুর্নীতি মামলায় ফের পিছিয়েছে খালেদার আত্মপক্ষ সমর্থন
ওলামা সমাবেশের কারণে আত্মপক্ষ সমর্থনে আসেননি খালেদা