এতিমখানা দুর্নীতি মামলায় ফের পিছিয়েছে খালেদার আত্মপক্ষ সমর্থন
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি ফের পিছিয়েছে।
এ মামলায় খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য থাকলেও আগামী ৬ এপ্রিল শুনানির নতুন দিন ঠিক হয়েছে।
কিন্তু কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সাবেক এই প্রধানমন্ত্রীর দল অংশ নিয়েছে। তিনি ওই নির্বাচন পর্যবেক্ষণে থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি জানিয়ে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় আবেদন করেন।
পুরান ঢাকার বকশিবাজারের কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত বিশেষ এজলাসে জ্যেষ্ঠ বিচারক বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা সময় আবেদন আমলে নিয়ে এই নতুন দিন ধার্য করেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া এতিমখানা ট্রাস্ট এবং জিয়া দাতব্য ট্রাস্ট মামলা ওই আদালতে বিচারাধীন।
দুটি মামলাই এর আগে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে বিচারাধীন থাকলেও এতিমখানা মামলায় বিচারকের প্রতি অনাস্থা প্রকাশ করায় গত ৮ মার্চ হাই কোর্ট তা আমলে নিয়ে মহানগর দায়রা জজকে বিচারের দায়িত্ব দেন।
এর আগে বেশ কয়েকদফা মামলায় বিএনপি নেত্রী খালেদার আত্মপক্ষ সমর্থনের শুনানি পেছানো হয়েছে।
এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়।
২০০৯ সালের ৫ অগাস্ট মামলায় আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
