ওলামা সমাবেশের কারণে আত্মপক্ষ সমর্থনে আসেননি খালেদা
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজির না হওয়ায় আত্মপক্ষ সমর্থনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফের সময় দিয়েছে আদালত।
সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখ সমাবেশের কারণে নিরাপত্তার প্রশ্ন তুলে বৃহস্পতিবার পুরান ঢাকার বকশিবাজারের প্যারেড স্কয়ার মাঠে স্থাপিত এজলাসে হাজির হতে পারেননি বিএনপি নেত্রী।
বিষয়টি জানিয়ে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করলে জ্যেষ্ঠ বিশেষ জজ (মহানগর দায়রা জজ) মো. কামরুল হোসেন মোল্লা আত্মপক্ষ সমর্থনের শুনানি পিছিয়ে দেন।
আগামী ১৩ এপ্রিল দিন শুনানির জন্য বিচারক দিন ঠিক করে দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান খালেদার অন্যতম আইনজীবী নূরুজ্জামান তপন।
খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া এতিমখানা ট্রাস্ট এবং জিয়া দাতব্য ট্রাস্টে দুর্নীতির দুটি মামলা আদালতে বিচারাধীন।
দুটি মামলাই এর আগে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে বিচারাধীন থাকলেও এতিমখানা মামলায় বিচারকের প্রতি অনাস্থা প্রকাশ করায় গত ৮ মার্চ হাই কোর্ট তা আমলে নিয়ে মহানগর দায়রা জজকে বিচারের দায়িত্ব দেন।
এর আগে বেশ কয়েকদফা মামলায় বিএনপি নেত্রী খালেদার আত্মপক্ষ সমর্থনের শুনানি পেছানো হয়েছে।
সর্বশেষ গত ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সাবেক এই প্রধানমন্ত্রীর দল অংশ নিয়েছে জানিয়ে নির্বাচন পর্যবেক্ষণের কারণ দেখিয়ে আদালতে হাজির হননি বিএনপি প্রধান।
এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়।
২০০৯ সালের ৫ অগাস্ট খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক হারুন আর রশীদ।
অভিযোগপত্রে খালেদা ও তারেক ছাড়াও সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী (পলাতক) ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে (পলাতক) আসামি করা হয়।
২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।
