২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাতব্য ট্রাস্টে দুর্নীতি: পিছিয়েছে খালেদার আত্মপক্ষ সমর্থন

জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের জন্য নতুন দিন ঠিক করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 11:00 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

আগামী ১ ডিসেম্বর এ মামলায় বিএনপি নেত্রীকে আত্মপক্ষ সমর্থন করার সময় দেয় ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালত। 

এ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার পুরান ঢাকার বকশিবাজারের আলিয়া মাদ্রাসার এজলাসে বৃহস্পতিবার শুনানি শেষে এই নতুন দিন ঠিক করেন।

খালেদার পক্ষে চাওয়া সময় মঞ্জুর করে ১ ডিসেম্বর খালেদা জিয়াকে আদালতে হাজির হতে হবে বলে নির্দেশ দেন বিচারক।

গত ১০ নভেম্বর হাই কোর্টে জেরার জন্য অনুমতি পাওয়া নির্দিষ্ট জেরাগুলো এ আদালাতে নিষ্পন্ন হয়।

বৃহস্পতিবার এ মামলায় আত্মপক্ষ সমর্থনের তারিখে খালেদা জিয়া অসুস্থ জানিয়ে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া নতুন তারিখ সময় চান। এ জন্য আত্মপক্ষ সমর্থন পিছিয়ে গেছে।

এদিকে জিয়া এতিমখানা ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদকে জেরা অব্যাহত রেখেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষের আইনজীবীরা।

বৃহস্পতিবার পুরান ঢাকার বকশিবাজারে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণের অস্থায়ী আদালতে তারেক রহমানের পক্ষে তার নিযুক্ত আইনজীবী বোরহান উদ্দিন তদন্ত কর্মকর্তাকে জেরা করেন।

কিন্তু এদিন তারেক রহমানের পক্ষে জেরা শেষ না হওয়ায় বিচারক আগামী ১ ডিসেম্বর অবশিষ্ট জেরার জন্য দিন ধার্য করেছেন।

গত ১৭ নভেম্বর এ মামলার প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ করেন তার আইনজীবীরা। ওই দিন তারেক রহমানের পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা শুরু হয়।

এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া এতিমখানা ট্রাস্ট মামলা দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। ২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

অভিযোগপত্রে খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।

তারেক রহমান দেশের বাইরে আছেন। কাজী সালিমুল হক কামাল, শরফুদ্দিন আহমেদ জামিনে আছেন। ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক।

পুরনো খবর:

দাতব‌্য ট্রাস্টে দুর্নীতি: খালেদার আত্মপক্ষ সমর্থন ২৪ নভেম্বর