২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠিকাদারের মামলায় ইউনূসের বিরুদ্ধে সমন

পাওনা আদায়ে এক ঠিকাদারের মামলায় গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সমন দিয়েছে ঢাকার আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2017, 12:13 AM

Updated : 19 Aug 2022, 04:21 PM

প্রায় ৭ কোটি টাকা পাওনা আদায়ে ঢাকার সাভারে মেসার্স তাজ এন্টারপ্রাইজের মালিক ব্যবসায়ী মো. বাহাদুর ইসলাম ইমতিয়াজ গত ৩০ মার্চ এই মামলাটি করেন।

বুধবার ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ মো. শাহাদাত হোসেন নোবেলজয়ী ইউনূসসহ গ্রামীণ টেলিকম ট্রাস্টের কর্মকর্তা ১২ বিবাদীর বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।

দেওয়ানি মামলায় এই সমনের জবাব আইনজীবীর মাধ্যমে দাখিল করতে হবে ইউনূসকে। আগামী ২৩ মে জবাব দাখিলের দিন রেখেছেন বিচারক।

মামলার আরজিতে বলা হয়, ঢাকা জেলার আশুলিয়ার জিরাবোতে গ্রামীণ টেলিকম ট্রাস্ট ১৬২ বিঘা জায়গায় ‘ঘোষবাগ’ প্রকল্পে আংশিক বালু ভরাটের জন্য বাদীর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন। ২০১৫ সালের জুন থেকে পরের বছরের নভেম্বর পর্যন্ত প্রায় ৫ কোটি টাকার বালু ভরাট করেন।

Image
মুহাম্মদ ইউনূস

মুহাম্মদ ইউনূস

বালু ভরাট বাবদ গ্রামীণ টেলিকম ট্রাস্ট ১ কোটি ৭ লাখ ৫১ হাজার ৭৮৪ টাকা দিলেও বাকি ৪ কোটি ১৬ লাখ ২৯ হাজার টাকা না দেওয়ায় কাজ বন্ধ করে দেন বলে জানান ইমতিয়াজ।

তিনি বলেন, আইনি নোটিস দিয়েও পাওনা আদায় করতে না পারায় মামলা করেন তিনি।

৪ কোটি ১৬ লাখ টাকার সঙ্গে ২ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ যোগ করে মামলাটি করেন এই ঠিকাদার।

সামাজিক ব্যবসার নতুন নতুন ধারণায় প্রণোদনা দেওয়া ও অর্থ জোগানোর লক্ষ্য ঘোষণা করে নোবেলজয়ী ইউনূসের উদ্যোগে ২০১০ সালে গ্রামীণ টেলিকম ট্রাস্ট গঠন করা হয়।