দুই কারাগারে জেলা প্রশাসক, সিভিল সার্জন
হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নান ও তার দুই সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকরের চূড়ান্ত প্রস্তুতির মধ্যে গাজীপুর ও সিলেটের জেলা প্রশাসক ও সিভিল সার্জনরা কারাগারে প্রবেশ করেছেন।
দুই কারাগারের কর্মকর্তারা বলছেন, জল্লাদ বাছাই করে ফাঁসির মঞ্চে মহড়া সম্পন্ন হয়েছে আগেই। আসামিদের স্বাস্থ্য পরীক্ষাসহ যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।
সব প্রস্তুতি কারা কর্তৃপক্ষ শেষ করেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ফাঁসি কার্যকর করা হতে পারে ‘যে কোনো সময়’।
তিন জঙ্গির মধ্যে মুফতি হান্নান ও শরীফ শাহেদুল বিপুল আছেন গাজীপুরের কাশিমপুর কারাগারে। আর সিলেট কেন্দ্রীয় কারাগারে আছেন দেলোয়ার হোসেন রিপন।
এক যুগেরও বেশি সময় আগে সিলেটে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালিয়ে তিনজনকে হত্যার মামলায় তাদের মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় এসেছে সর্বোচ্চ আদালত থেকে।
ওই রায় পুনর্বিবেচনা এবং অপরাধ স্বীকার করে তাদের প্রাণভিক্ষার আবেদনও নাকচ হয়ে যাওয়ায় এখন কেবল ফাঁসি কার্যকরের অপেক্ষা।
নিয়ম অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের আগে আসামির সঙ্গে তার পরিবারের সদস্যদের সাক্ষাতের সুযোগ দেওয়া হয়। মুফতি হান্নানের ভাই, স্ত্রী ও দুই মেয়ে বুধবার সকালেই কাশিমপুরে গিয়ে সাক্ষাৎ করে এসেছেন। ওই কারাগারে বন্দি দুই ভাইকেও হান্নানের সঙ্গে দেখা করার সুযোগ দিয়েছে কারা কর্তৃপক্ষ।
মৌলভীবাজারের কুলাউড়া থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে গিয়ে রিপনের পরিবারের সদস্যরাও শেষ দেখা করে এসেছেন। বিপুলের পরিবারের সদস্যদের খবর দেওয়া হলেও তারা যাননি বলে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন।
কাশিমপুর কারাগার
মুফতি হান্নানের পরিবারের সদস্যরা সকালে কামিশপুর কারাগার ঘুরে যাওয়ার পর বিকালের দিকে বদলে যেতে থাকে কারাগারের সামনের দৃশ্যপট।
বিকাল ৪ টার দিকে ডিআইজি প্রিজন মো. তৌহিদুল ইসলাম কারাগারে প্রবেশের পরপরই কমিউনিটি পুলিশের প্রায় ত্রিশজনের একটি দল কারাফটকের আসেন। সাড়ে ৪টার দিকে কারাগারের যাওয়ার সড়কের দুপাশের সব দোকানপাট বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া আশপাশের মানুষকে কারাগারের সামনের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়।
বিকাল ৫টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দলকে কারাফটকের সামনে অবস্থান নিতে দেখা যায়। একটু পর দেখা যায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের। কারাগারের সামনের সড়কে টহল দিতে দেখা যায় র্যাবের একটি গাড়ি।
সোয়া ৫টায় দিকে ফায়ার সার্ভিসের একটি গাড়ি কারাগারে প্রবেশ করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢোকে দুটি অ্যাম্বুলেন্স।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন ও অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসানকেও রাত ৮টার দিকে কাশিমপুর কারাগারে প্রবেশ করতে দেখা যায়।
কারাফটক থেকে প্রায় ১০০ গজ এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বিকাল থেকেই। সংবাদমাধ্যমের যানবাহনকেও ব্যারিকেডের ভেতর যেতে দেওয়া হচ্ছে না।
একজন কারা কর্মকর্তা জানান, ফাঁসি কার্যকর করার জন্য প্রধান জল্লাদ হিসেবে রাজু এবং তার সহযোগী হিসেবে শরিফুল ইসলাম ও ইকবাল হোসেনকে বাছাই করে রাখা হয়েছে। কাশিমপুর কারা কমপ্লেক্সের ইমাম মাওলানা মো. হেলাল উদ্দিনকে আসামিদের তওবা পড়ানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে। ফাঁসি কার্যকরের জন্য ইতোমধ্যে মহড়াও হয়েছে।
দুপুরের দিকে কারা চিকিৎসক মো. মিজানুর রহমান ফাঁসির দুই আসামি মুফতি হান্নান ও শরীফ শাহেদুল বিপুলের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে যান। নিয়ম অনুযায়ী ফাঁসি কার্যকরের আগে আরও একবার তাদের স্বাস্থ্য পরীক্ষা হবে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের সিভিল সার্জন সৈয়দ মঞ্জুরুল হক রাত সাড়ে ৯টার পর কারাগারে প্রবেশ করেন। ওই সময়ই গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, অতিরিক্তে জেলা ম্যোজিস্ট্রেট রাহেনুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদকে কারাগারে প্রবেশ করতে দেখা যায়।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে কারা কর্তৃপক্ষ মুফতি হান্নানকে তার মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ দেয় বলে তার ভাই আলী উজ্জামান জানান। অসুস্থতার কারণে তাদের মা সকালে গোপালগঞ্জ থেকে আসতে না পারায় হান্নান টেলিফোনে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন উর রশিদ সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগে কারাগারের বাইরে অপেক্ষায় থাকা সাংবাদিকদের বলেন, কেবল কারাগার নয়, পুরো জেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, “ফাঁসি হলে নিরাপত্তা দিয়ে লাশ বাড়ি পৌছে দেওয়ার ব্যাবস্থা নেওয়া হবে।”
সিলেট কেন্দ্রীয় কারাগার
কাশিমপুরের মতই সিলেট কেন্দ্রীয় কারাগারেও পরিস্থিতিও বিকালের পর থেকে পাল্টাতে থাকে।
বিকাল ৫টার দিকে বন্দর বাজার থেকে জেইল রোড পয়েন্ট পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কারাগারের আশপাশে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রিত করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ বলেন, “জঙ্গি রিপনের ফাঁসির রায় কার্যকর সামনে রেখেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, সে ব্যস্থাই আমরা নিচ্ছি।”
এ কারাগারে থাকা জঙ্গি রিপনের প্রায় ২৫ জন আত্মীয়-স্বজন সন্ধ্যা ৭টার আগে আগে কুলাউড়া থেকে সিলেট কারাগারে পৌঁছান।
সাড়ে ৮টার পর তারা বেরিয়ে গেলে স্থানীয় আবু তোরাব মসজিদের ইমাম বেলাল উদ্দীনকে কারাগারের ভেতরে প্রবেশ করতে দেখা যায়।
নিয়ম অনুযায়ী দণ্ড কার্যকরের আগে আসামিকে তওবা পড়ান তিনি। সোয়া ৯টার দিকে কারাগার থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, রিপনকে তিনি ‘স্বাভাবিক’ দেখেছেন।
এ কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ছগির মিয়া জানান, প্রধান জল্লাদ ফারুকের নেতৃত্বে চার জন জল্লাদকে তারা প্রস্তুত রেখেছেন। তাদের সহযোগী হিসেবে থাকবেন আরও ছয় জন।
রাত সাড়ে ৯টার দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের সহকারী পরিচালক ডা. অমল রতন সাহা কারাগারে প্রবেশ করেন। তার আগেই কারাগারে ঢোকেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার এবং পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
ছগির মিয়া বলেন, সিলেট কারাগারের ২২৮ বছরের ইতিহাসে এ পর্যন্ত ছয়জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। হরকাতুল জিহাদের দেলোয়ার হোসেন রিপন হবেন সপ্তম ব্যক্তি।
