২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুফতি হান্নানের জন্য কবর খোঁড়া শেষ

মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় থাকা জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি হান্নানকে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে তার গ্রামের বাড়িতে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2017, 10:02 PM

Updated : 11 Oct 2022, 01:47 PM

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামে পারিবারিক কবরস্থানে তার জন্য কবর খোঁড়া হয়েছে বলে কোটালীপাড়া থানার ওসি মো. কামরুল ফারুক জানিয়েছেন।

তিনি বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “বৃহস্পতিবার ভোরে হিরণ গ্রামে নিজের বাড়িতে মুফতি হান্নানের মরদেহ দাফন করা হতে পারে- এমন নির্দেশনা পেয়ে ইতোমধ্যে কবর খনন ও দাফনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”

মুফতি হান্নানের বাড়িসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

Image
হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান

হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান

২০০৪ সালে সিলেটে তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নান ও তার দুই সহযোগীর দণ্ড কার্যকরের প্রস্তুতি চলছে। হান্নান ও তার এক সহযোগী আছেন গাজীপুরের কাশিমপুর কারাগারে, অপরজন সিলেট কেন্দ্রীয় কারাগারে।

দুই কারাগারেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুই কারাগারের কর্মকর্তারা বলছেন, ইতোমধ্যে জল্লাদ বাছাই করে ফাঁসির মঞ্চে মহড়া সম্পন্ন হয়েছে। আসামিদের স্বাস্থ্য পরীক্ষাসহ যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এখন কেবল সরকারের চূড়ান্ত সংকেতের অপেক্ষা। 

কোটালিপাড়ার হিরণ গ্রামের স্বাধীনতাবিরোধী নূর উদ্দিন মুন্সীর ছেলে মুফতি হান্নান ২০০১ সালে রমনার বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলায়ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

এছাড়া ১৯৯৯ সালে যশোরে উদীচীর সমাবেশে বোমা হামলা এবং ২০০৪ সালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলাসহ অনেকগুলো জঙ্গি হামলায় সম্পৃক্ত ছিলেন বলে পুলিশি তদন্তে উঠে এসেছে।