সিওএল’র গভর্নিং বোর্ডের সদস্য হলেন নাহিদ
শিক্ষাক্ষেত্রে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কমনওয়েলথ অব লার্নিংয়ের (সিওএল) এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি হিসেবে গভর্নিং বোর্ডের সদস্য নির্বাচিত করা হয়েছে।
কমনওয়েলথ সচিবালয় আগামী তিন বছরের জন্য নাহিদকে ওই পদে নির্বাচিত করেছে বলে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড চিঠি দিয়ে বিষয়টি মন্ত্রীকে জানিয়েছেন।
দশ সদস্য বিশিষ্ট সিওএল বোর্ডের মেয়াদ তিন বছর। কানাডার ভ্যাংকুভারে প্রতি বছর জুনে এই বোর্ডের সভা হয়। ১৯৮৮ সালে সিওএল গঠিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং ক্যারিবিয়ান ও প্যাসিফিক অঞ্চলের চারটি দেশ থেকে চারজন এবং সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া ছয়টি দেশ থেকে ছয়জনকে নিয়ে সিওএল বোর্ড গঠিত।
সর্বাধিক আর্থিক অনুদান দিয়ে বর্তমানে এই বোর্ডে কানাডা, ভারত, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, দাক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্য সদস্য হিসেবে রয়েছে।
শিক্ষামন্ত্রী নাহিদ বিশ্বের সর্বাধিক জনসংখ্যা অধ্যুষিত নয়টি দেশের ‘ই-৯ ফোরামের’ চেয়ারপারসন এবং ইউনেস্কোর ভাইস-প্রেসিডেন্টেরও দায়িত্বে আছেন।
