২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ থেকে দূরে রাখতে পারে স্কাউটিং: রাষ্ট্রপতি

শিশু-কিশোর-যুবকদের ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা থেকে দূরে রাখতে স্কাউট আন্দোলন ভূমিকা রাখতে পারে বলে মনে করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2017, 06:36 PM

Updated : 11 Oct 2022, 01:47 PM

তিনি বলেছেন, “শিশু-কিশোর ও যুবদের ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষবাষ্প থেকে নিরাপদ রাখতে স্কাউটিং-এর ভূমিকা গুরুত্বপূর্ণ।

“আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি স্কাউটিং কার্যক্রমই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিকতা, সৃজনশীলতা ও উন্নয়নের মহাসড়কে নিজেদের সম্পৃক্ত করে দেশকে বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলায় রূপান্তর করতে।”

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি আরও বলেন, “বাংলাদেশ আবহমান কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে এখানে প্রতিটি নাগরিক শান্তিপূর্ণ পরিবেশে মিলে-মিশে বসবাস করে। সব ধর্মীয় উৎসব উৎসবমুখর পরিবেশে সার্বজনীনভাবে পালিত হয়। সকল ধর্মের মূল বাণী হচ্ছে মানবকল্যাণ। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ কোনো ধর্মই সমর্থন করে না।”

স্কাউটের ভিশন অনুযায়ী, ২০২৩ সালে স্কাউট হবে বিশ্বে নেতৃত্বদানকারী সর্ববৃহৎ শিক্ষা যুব আন্দোলন, যেখানে বিশ্বের ১০০ মিলিয়ন স্কাউট নিজ নিজ সম্প্রদায় ও বিশ্বে ‘ইতিবাচক পরিবর্তনে’ অবদান রাখবে।

বাংলাদেশের স্কাউটরা এ আন্দেলনে অংশ নিয়ে একটি আদর্শ সমাজ গঠনে আবদান রাখবে বলে আশা করেন দেশের চিফ স্কাউট আবদুল হামিদ। 

আবদুল হামিদ বলেন, “স্কাউটিং-এর মোটো হচ্ছে ‘বি প্রিপেয়ার্ড’, যার মর্ম কথা হচ্ছে সঠিক সময়ে সঠিক কাজটি করার জন্য নিজের মন ও শরীরকে প্রস্তুত রাখা। এ জন্য প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জাতীয় প্রয়োজনে অংশ নেওয়ার জন্য স্কাউটদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউটদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

বাংলাদেশ স্কাউটস ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্লান অনুযায়ী আগামী ২০২১ সালের মধ্যে স্কাউট সংখ্যা ২১ লাখে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়ে রাষ্ট্রপতি সংখ্যা বৃদ্ধির পাশাপাশি স্কাউটদের গুণগত মান এবং দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নিতেও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, “স্কাউটিং এর সুফল সকল পর্যায়ে পৌঁছানোর জন্য গ্রাম, মহল্লা, পাড়ায়-পাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ও কমিউনিটিভিত্তিক স্কাউটিং চালু করা প্রয়োজন। স্কাউটিংয়ের মাধ্যমে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার পাশাপাশি আগামীদিনের যোগ্য নেতৃত্ব তৈরিতে বলিষ্ঠ ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনে এগিয়ে আসার জন্য আমি শিক্ষক, অভিভাবক, স্কাউট নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাই।”

অনুষ্ঠানে ৩৬৫ জন স্কাউটকে ‘প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। এরমধ্যে ২০ জনকে রাষ্ট্রপতি ব্যাজ পরিয়ে দেন।

বাংলাদেশ স্কাউটের সভাপতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কাউটের প্রধান জাতীয় কমিশনার জনপ্রশাসন সচিব মো. মোজাম্মেল হক খান, স্কাউটের জাতীয় কমিশনার (প্রোগ্রাম) রফিকুল ইসলাম খান প্রমুখ।