১০টি আন্তর্জাতিক ম্যাচে খেললেই মিলতে পারে জাতীয় ক্রীড়া পুরস্কার
পুরস্কারের জন্য বিবেচনায় আনতে বিভিন্ন ক্যাটাগরি নির্ধারণ করে জাতীয় ক্রীড়া পুরস্কার নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে সরকার।
মন্ত্রিসভার অনুমোদনের পর এই নীতিমালার আলোকেই ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য খোলোয়াড় ও কর্মকর্তাদের পাশাপাশি সংস্থাকেও এই পুরস্কার দেওয়া যাবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সভাপতিত্বে মঙ্গলবার সচিবালয়ে জাতীয় ক্রীড়া পুরস্কার নীতিমালার খসড়া চূড়ান্ত করা হয়।
দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি দিতে ১৯৭৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার চালু করে সরকার। দীর্ঘ দিন এই পুরস্কার দেওয়া বন্ধ ছিল।
গত বছরের ৪ সেপ্টেম্বর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১০, ২০১১ ও ২০১২ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৩২ জনকে এ পুরস্কার তুলে দেন তিনি।
এ পর্যন্ত ১৯ জন ক্রিকেটারসহ ১৮৮ জনকে জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হয়েছে।
পুরস্কারের জন্য বিবেচিত হবেন যারা
>> জাতীয় দলে কমপক্ষে ৫ বছর বা কমপক্ষে ১০টি আন্তর্জাতিক খেলায় অংশ নিয়েছেন এমন খেলোয়াড়।
>> ব্যক্তিগত ইভেন্টে আন্তর্জাতিক পর্যায়ে কমপক্ষে একটি স্বর্ণ পদক বা দুটি রৌপ্য পদক বা তিনটি ব্রোঞ্জ পদক বা সমপর্যায়ের সম্মাননা/পুরস্কার বিজয়ী।
>> আঞ্চলিক পর্যায়ে দুইটি স্বর্ণপদক বা জাতীয় পর্যায়ে তিনটি স্বর্ণপদক পাওয়া খেলোয়াড়।
>> কোনো খেলায় জাতীয় চ্যাম্পিয়নশিপে কমপক্ষে সাতবার অংশ নেওয়া খেলোয়াড়।
>> জাতীয় ক্রীড়া ফেডারেশনে কর্মকর্তা বা সদস্য হিসেবে কমপক্ষে ১০ বছর কর্মরত থেকে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ অবদান রাখা ব্যক্তি।
>> জাতীয় পর্যায়ে প্রশিক্ষক, আম্পায়ার, রেফারি, জুরি, জাজ কমপক্ষে ১০ বছর বিশেষ অবদান রেখেছেন এমন ব্যক্তি।
>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে পৃষ্ঠপোষকতায় যারা কমপক্ষে ৫ বছর উল্লেখযোগ্য পরিমাণ সহায়তা দিয়েছেন।
>> প্রতিবন্ধী ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদান রাখা প্রতিবন্ধী ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও পৃষ্ঠপোষক।
>> ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কোনো সংস্থা।
আন্তর্জাতিক পর্যায়ে সংগঠক, কর্মকর্তা, প্রশিক্ষক, আম্পায়ার, রেফারি, জুরি, জাজ হিসেবে কারো বিশেষ অবদান অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে নীতিমালার খসড়ায় বলা হয়েছে।
কোনো খেলোয়াড় বা সংগঠন ফৌজদারী মামলায় সাজাপ্রাপ্ত হলে বা শৃঙ্খলাজনিত ও অনৈতিক কারণে তার শাস্তি বহাল থাকলে এই পুরস্কারের জন্য অযোগ্য বিবেচিত হবেন।
এছাড়া রাষ্ট্রবিরোধী মামলায় সাজাপ্রাপ্ত হলে এবং জাতীয় দলের সদস্য হয়ে কোনো খেলোয়াড় বা সংগঠক বিদেশ গিয়ে দেশে না ফিরলে বা নির্ধারিত সময়ের পরে দেশে ফিরলে বা শৃঙ্খলা ভঙ্গ করছেন প্রমাণিত হলে জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য অযোগ্য বিবেচিত হবেন।
প্রতিটি ক্যাটাগরির পুরস্কারের জন্য সর্বোচ্চ নম্বর ধরে মূল্যায়ন করা হবে জানিয়ে নীতিমালার খসড়ায় বলা হয়েছে, জাতীয় পর্যায়ে প্রতিটি স্বর্ণ পদকের জন্য ১৬ নম্বর, প্রতিটি রৌপ্য পদকের জন্য ৮ নম্বর এবং প্রতিটি বোঞ্জ পদকের জন্য ৪ নম্বর ধরা হবে।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রাপ্ত প্রতিটি পদকের জন্য নির্ধারিত নম্বর তিন গুণ এবং আঞ্চলিক প্রতিযোগিতায় পাওয়া প্রতিটি পদকের জন্য নির্ধারিত নম্বর দুই গুণ হবে।
জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়ার জন্য সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকের সমন্বয়ে একটি মূল্যায়ন কমিটি করবে সরকার।
এই কমিটি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য ৫ থেকে ৭ সদস্যের আরেকটি কমিটি করবে, যে কমিটি মূল্যায়ন কমিটির কাছে সুপারিশ দেবে।
সাংবাদিকদের উপস্থিতিতে সভায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নীতিমালা না থাকায় এই জাতীয় ক্রীড়া পুরস্কার নিয়ে বেশ জটিলতা ছিল, এতদিন এই পুরস্কার দেওয়া হয়নি; যা ক্রীড়া জগতের সংশ্লিষ্টরা ভালোভাবে গ্রহণ করেননি।
নীতিমালা না থাকলেও পুরস্কার সংক্রান্ত সরকারের জাতীয় কমিটি জাতীয় ২০১০, ২০১১ ও ২০১২ সালের ক্রীড়া পুরস্কারের জন্য সংশ্লিষ্টদের মনোনীত করেছিল বলেও জানান তিনি।
বীরেন শিকদার বলেন, “২০১০ সালের পুরস্কার যদি ২০১৬ সালে এসে দেওয়া হয়, তবে তার গুরুত্ব থাকে না। যাকে পুরস্কার দেওয়া হয় দর্শকরাও তাকে চেনেন না, এর আকর্ষণও হারিয়ে য়ায়।”
যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলাম, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ছাড়াও সংশ্লিষ্ট সংস্থা ও ফেডারেশনের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
