উত্তরায় গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে গুলি করে তার কাছে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার দুপুরে উত্তরা পশ্চিম থানা এলাকার জনপথ মোড়ে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছেন।
গুলিতে আহত আবিদুল ইসলামকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বলে পুলিশ জানায়।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, দুপুরে জনপথ মোড়ে ইসলামী ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা তুলে আবিদুল ১২ নম্বরে সেক্টরের ১২ নম্বর সড়কে তার কর্মস্থলে যাচ্ছিলেন। আবুল কালাম নামে এক সহকর্মী ছিলেন তার সঙ্গে।
“এ সময় তিনটি মোটর সাইকেলে ছয়জন এসে আবিদুলের হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে যায়। আবিদুল বাধা দিলে তার পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে চলে যায় তারা।”
আবিদুলকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে।
বাচ্চু মিয়া বলেন, আবিদুলের বাম পায়ে চারটি গুলি লেগেছে। তার অস্ত্রোপচার করা হচ্ছে।
