২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধলেশ্বরী যেন ‘আরেকটি বুড়িগঙ্গা’ না হয়

বুড়িগঙ্গা বাঁচাতে ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের পর সাভারের উপর দিয়ে প্রবাহিত ধলেশ্বরী নদী যেন বর্জ্য দূষণের কবলে না পড়ে, তা নিশ্চিত করতে সরকারকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2017, 11:51 PM

Updated : 11 Oct 2022, 01:45 PM

সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প নগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) ও অন্যান্য ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়ে আপিল বিভাগ বলেছে, তা না হলে এই স্থানান্তর প্রক্রিয়া ফলপ্রসূ হবে না।

হাজারীবাগে থাকতে চেয়েও ব্যর্থ ট্যানারি মালিকদের একটি আবদনের শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ রোববার আদেশে এ নির্দেশনা দেয়।

এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেছে আদালত।

সাভারে পরিবেশ দূষণ রোধ নিশ্চিত করতে পরিবেশ অধিদপ্তর এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প করপোরেশনকে (বিসিক) নির্দেশ দেওয়া হয়েছে।

যে রিট আবেদনের প্রেক্ষাপটে আদালত হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল, তাতে ঢাকার পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা নদী দূষণের চিত্র তুলে ধরা হয়েছিল।

Image
এভাবে কাজ চলত হাজারীবাগের ট্যানারিগুলোতে

এভাবে কাজ চলত হাজারীবাগের ট্যানারিগুলোতে

আদালতের নির্দেশে শনিবার হাজারীবাগের ট্যানারি কারখানাগুলোর গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যাতে কয়েক দশকের কর্মমুখর এই শিল্প পল্লী এখন হয়ে পড়েছে ভারী যন্ত্রের শব্দহীন।

তার আগে আদালত পরিবেশের ক্ষতিপূরণ বাবদ ট্যানারিগুলোর জরিমানা করেছিল, তা মওকুফ চেয়ে এই শিল্প মালিকদের আবেদনে রোববার আদেশ দেওয়ার সময় নতুন স্থানের পরিবেশ সুরক্ষার কথা বলেন প্রধান বিচারপতি সিনহা।

তিনি বলেন, “বুড়িগঙ্গাকে রক্ষা করতে গিয়ে যদি ধলেশ্বরী নদীর দূষণ হয় তবে সেখানে (সাভারে) গিয়ে লাভ কী? সেখানে যদি বর্জ্য ফেলা হয় তবে সেটা আরেকটি বুড়িগঙ্গা হবে। আমরা সেটা হতে দিতে পারি না। বুড়িগঙ্গাকে রক্ষা করতে গিয়ে ধলেশ্বরী যেন আরেকটি বুড়িগঙ্গা না হয়।”

ধলেশ্বরীতে বর্জ্য ফেলা হচ্ছে বলে তার কাছে খবর থাকার কথা জানিয়ে এস কে সিনহা বলেন, “ট্যানারির বর্জ্য যেন ধলেশ্বরী নদীতে না যায়, ধলেশ্বরী নদীর যাতে ক্ষতি না হয় তা কঠোরভাবে লক্ষ্য রাখতে হবে।”

আদেশে আপিল বিভাগ হাজারীবাগ থেকে নির্ধারিত সময়ে ট্যানারি না সরানোয় ১৪২ ট্যানারি মালিকের জরিমানা হিসেবে বকেয়া টাকা ৩০ কোটি ৮৩ লাখ টাকা এবং প্রতিদিন ১০ হাজার করে জরিমানা মওকুফ করে দেয়।

তবে এই ১৪২ ট্যানারির মালিককে শ্রম সচিবের কাছে এককালীন ৫০ হাজার টাকা করে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ টাকা হাজারীবাগ থেকে স্থানান্তরিত ট্যানারি শ্রমিক-কর্মচারীদের পুনর্বাসন ও কল্যাণে ব্যয় করতে শ্রম সচিবকে বলা হয়েছে। এ ব্যয় শেষে টাকা উদ্বৃত্ত থাকলে তা কিডনি ফাউন্ডেশনে জমা দিতে বলেছে আপিল বিভাগ।

একইসঙ্গে সাভারে স্থানান্তরিত যেসব ট্যানারি মালিক গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগের জন্য আবেদন করেছেন তাদের, রায়ের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে সংযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তারা যাতে সংযোগ পান তা অ্যাটর্নি জেনারেলকে নিশ্চিত করতে বলা হয়েছে।

হাজারীবাগ থেকে ট্যানারি সরানোর পর সেখানে নিজস্ব জায়গা বা স্থাপনায় কোনো ট্যানারি মালিক অন্য কিছু করতে চাইলে তাকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে বলা হয়েছে আদালতের আদেশে। এ ছাড়পত্র নেওয়ার পরই সেখানে বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ দিতে বলেছে আদালত।

হাজারীবাগ থেকে ট্যানারি না সরানোয় ট্যানারি মালিকদের প্রতিদিন করা ১০ হাজার টাকা জরিমানার আদেশ পুনর্বিবেচনার জন্য করা রিভিউ আবেদন এবং জরিমানা হিসেবে বকেয়া ৩০ কোটি ৮৩ লাখ টাকা জমা দেওয়ার আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল আবেদন নিষ্পত্তি করে এই আদেশ দেয় আপিল বিভাগ।

শুনানিতে ট্যানারি মালিকদের আইনজীবী ছিলেন সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, ব্যারিস্টার ফজলে নূর তাপস ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

Image
তরল বর্জ্যের অপেক্ষায় সাভারের নতুন চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের একাংশ।

তরল বর্জ্যের অপেক্ষায় সাভারের নতুন চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের একাংশ।

শুনানির শুরুতে ট্যানারি মালিকপক্ষের আইনজীবীরা হাজারীবাগের সব ট্যানারির গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করার কথা তুলে ধরে জরিমানা মওকুফের আবেদন জানান।

এরপর আদালত আদেশ দেওয়া শুরু করে। আদালত বলে, “আমরা শ্রমিক-কর্মচারীদের কল্যাণে এক লাখ টাকা করে দেওয়ার আদেশ দিচ্ছি।”

 তাতে আপত্তি জানিয়ে তাপস বলেন, “আমাদের সব শেষ। এখন আর কোনো টাকা দেওয়া সম্ভব নয়। পুরোটাই মাফ করে দেওয়া হোক।”

পরে ৫০ হাজার টাকা করে জমা করার নির্দেশ দেয় আদালত।

আদেশের এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল আদালত কক্ষ থেকে বের হতে গেলে প্রধান বিচারপতি বলেন, “মি. অ্যাটর্নি জেনারেল কোথায় যাচ্ছেন? এদিকে আসুন।”

এরপর মাহবুবে আলম ডায়াসে এলে প্রধান বিচারপতি বলেন, “আমার কাছে খবর আছে সেখানে (সাভার) বর্জ্য শোধনাগার চালু হয়নি। এটা যাতে চালু হয় তা আপনাদের নিশ্চিত করতে হবে।”

এ সময়ই বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদী নিয়ে মন্তব্য করেন তিনি।