মিরপুরে দুটি আধুনিক গণশৌচাগার
রাজধানীর মিরপুরের রাইনখোলা মোড় এবং চিড়িয়াখানার সামনে দুটি আধুনিক গণশৌচাগার চালু হয়েছে।
রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এ দুটি গণশৌচাগার উদ্বোধন করেন।
রাইনখোলা মোড়ের গণশৌচাগারটি সুয়োন সিটি, ওয়ার্ল্ড টয়লেট অ্যাসোসিয়েশন এবং স্পেসের সহায়তায় নির্মাণ করা হয়েছে।
চিড়িয়াখানার সামনের গণশৌচাগারটি নির্মাণে সহায়তা করেছে ওয়াটার এইড বাংলাদেশ। ওয়াটার এইড এর আগে ঢাকায় ১৯টি গণশৌচাগার নির্মাণ করে।
নির্ধারিত ফি দিয়ে সবাইকে শৌচাগার ব্যবহারের আহ্বান জানান মেয়র আনিসুল হক। তিনি বলেন, টাকা ছাড়া কেউ এটা ব্যবহার করতে পারবে না।
“কেউ যদি এটি ফ্রি ব্যবহার করতে চান, ওই মাস্তানি হবে না। আমি অমুক নেতা, আমি অমুক প্রভাবশালী লোক, জোর করে আপনি ঢুকবেন, জোর করে আপনি করে যাবেন, তা হবে না।”
পৃথিবীর বাসযোগ্য নগরীর তালিকায় ঢাকার অবস্থান খারাপ হওয়ায় তা থেকে উত্তরণে কাজ করছেন বলে জানান আনিসুল হক।
“ইনডেক্সে আমাদের অবস্থা খুব খারাপ। ১৮০টি শহরের মধ্যে ঢাকা ১৭৮তম। আমরা এ অবস্থা দেখতে চাই না। আমরা ঢাকাকে পরিবর্তন করতে চাই।”
৫ বছরের জন্য মেয়রের দায়িত্ব নেওয়ার পর ‘কিছু পরিবর্তন’ এনেছেন বলে দাবি করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ কাজী টিপু সুলতান, সংরক্ষিত নারী কাউন্সিলর রাশিদা আক্তার ঝর্ণা, ওয়ার্ল্ড টয়লেট অ্যাসোসিয়েশন, দক্ষিণ কোরিয়ার সেক্রেটারি জেনারেল ইয়ং চে কিম এবং ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রাম, পলিসি অ্যান্ড এডভোকেসি ডিরেক্টর মো. লিয়াকত আলী উপস্থিত ছিলেন।
