পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গুদামে অগ্নিকাণ্ড তদন্তে কমিটি
ঢাকার মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয় গুদামে আগুনের ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-সচিব মো. আব্দুল মালেককে সাত সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছে বলে রোববার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ উল্লেখ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির অন্যা সদস্যরা হলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (অর্থ) প্রণব কুমার নিয়োগী, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. সমীর কান্তি সরকার, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (স্বাস্থ্য উইং) খায়রুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মোহাম্মদ হান্নান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক সমরেন্দ্রনাথ বিশ্বাস এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব ফয়সাল শাহ (সদস্য সচিব)।
মহাখালীর ওয়্যারলেস গেইট এলাকায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয় গুদামে শনিবার মধ্যরাতে আগুন লাগে, সাড়ে ৩টার দিকে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
২৬০ ফুট দৈর্ঘ্য এবং ৫০ ফুট প্রস্থের ওই টিনশেড গুদামে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন মালামাল মজুদ রাখা হত।
